• বঙ্গের চূড়ান্ত ভোটার লিস্ট নিয়ে ফের বিবেচনা করবে সুপ্রিম কোর্ট?
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • এই সময়, দিল্লি ও কলকাতা: ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘সার’-পর্ব শেষ হওয়ার পরে আসন্ন বিধান‍সভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফ্রিজ় হয়ে গিয়েছে গত ৯ এপ্রিল৷ চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই এমন বঙ্গবাসীর সংখ্যা প্রায় ৯১ লক্ষ৷ এর মধ্যে অন্তত ২৭ লক্ষের নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। কিন্তু সেই ২৭ লক্ষ নাগরিক অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে নাম তুলে নিজেদের বৈধতার বিচার পাওয়ার আগেই কী ভাবে ভোটার তালিকা ফ্রিজ় হয়? যদি ভোটের আগে ট্রাইব্যুনালের শুনানিতে কেউ নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে পারেন, তা হলেও তাঁরা এ বারের ভোটে অংশ নিতে পারবেন না কেন!

    বঙ্গের ভোটারদের নানাবিধ এই প্রশ্ন নিয়েই শুক্রবার জোড়া আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সেখানে ভোটার তালিকা ফ্রিজ় না–করে ট্রাইব্যুনাল যাতে শুনানি চালিয়ে যায় এবং ভোটের আগের দিন পর্যন্ত নাম নথিভুক্ত হওয়া ভোটাররা যাতে এ বারেই ভোট দিতে পারেন, সেই নির্দেশ দেওয়ার আবেদন করা হয়। আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ গোটা বিষয়টি বিবেচনা করবে।

    শুনানিতেই খোঁজা হবে সম্ভাব্য ব্যতিক্রমী পথের সন্ধানও। এ দিন নিজের পর্যবেক্ষণে এই মন্তব্য করেছেন শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচী নিজেই৷ তাঁর কথায়, ‘১৩ এপ্রিল আমরা ফ্রিজ়িং–এর বিষয়টি বিবেচনা করবো৷ প্রয়োজন হলে আমরা যথাযথ পদক্ষেপের কথা ভাবতেও পারি’। আইনজীবীদের একাংশের ধারণা, বিচারপতি বাগচীর এই পর্যবেক্ষণের পরে নতুন করে আশার সঞ্চার হতে পারে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না–থাকা ২৭ লক্ষ লোকের একাংশের।

    কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস এবং প্রাক্তন বিচারপতিদের সমন্বয়ে গঠিত অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে আর্জি জানানো ১৩ জন বৈধ পাসপোর্টধারী পশ্চিমবঙ্গের ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা৷ শুক্রবার এই মামলার মেনশনিং করা হয় প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে৷ মামলাকারীদের তরফে আইনজীবী রউফ রহিম দাবি করেন, অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল বাংলার বিধানসভা নির্বাচনের দু’জন প্রার্থীর নাম ইতিমধ্যেই ‘ক্লিয়ার’ করেছে। তাঁদের দু’জনেরই বৈধ পাসপোর্ট আছে৷ এই প্রসঙ্গেই রউফের প্রশ্ন, বৈধ পাসপোর্ট থাকা দু’জন প্রার্থীর নাম যাচাইয়ে যদি শীর্ষ আদালত অগ্রাধিকার দেয়, তবে বৈধ পাসপোর্ট থাকা ১৩ জন ভোটারও অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে অগ্রাধিকার পেতে পারেন৷

    ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত যাতে তালিকায় ভোটারের নাম তোলা যায়, তা নিশ্চিত করতেও শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। আবেদনকারীর আইনজীবী অরিন্দম দাস ও সুনন্দ রাহার আর্জি, কোনও নাগরিক ট্রাইব্যুনালে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে যাতে তাঁর শুনানি হয়, সেই নির্দেশ দিক শীর্ষ আদালত। ট্রাইব্যুনালের কাজ ভোটের আগে বন্ধ করা যাবে না, ভোটার তালিকাও ফ্রিজ় করা যাবে না। বঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল ভোট। আবেদনকারীর বক্তব্য, বর্তমানে ১৯টি ট্রাইব্যুনাল এক জায়গায় বসে কাজ করে, তাদের প্রতিটি জেলা সদরে বসাতে হবে। কারণ কোচবিহার বা মালদা থেকে নাম তোলার জ‍ন্য নাগরিকদের কলকাতা পর্যন্ত দৌড়নো সম্ভব নয়।

  • Link to this news (এই সময়)