• কোটিপতি প্রাণকৃষ্ণ, বসুন্ধরা, দৌড়ে পিছিয়ে মন্ত্রী স্বপন
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • এই সময়, কালনা: বৃহস্পতিবার শেষ হয়েছে দ্বিতীয় ও শেষ দফার মনোনয়ন পেশ। তাতে কালনা মহকুমার চার কেন্দ্রের প্রার্থীরা সম্পত্তির যে হলফনামা পেশ করেছেন, তার মধ্যে কোটিপতি চার জন। এর মধ্যে তিন জন তৃণমূলের, একজন বিজেপির।

    পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের স্থাবর সম্পত্তির পরিমাণ ১১ কোটি ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও সেকেন্দ্রাবাদ রয়েছে স্থাবর সম্পত্তি। মাধ্যমিক পাশ প্রাণকৃষ্ণ ও স্ত্রী মীনাক্ষী নিজেদের ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। দু’জনের অস্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৪৯ লক্ষ ৭৪ হাজার ৯০ টাকা ও ৬২ লক্ষ ৪১ হাজার টাকা। দু’জনের সোনার গয়নার পরিমাণ যথাক্রমে ২২০ গ্রাম ও ৩৫০ গ্রাম।

    কালনা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৭৩ হাজার ৭৮৪ টাকা। স্ত্রী মানবিকার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৪ লক্ষ ৩৭ হাজার ৯৫৬ টাকা। তাঁদের স্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৮৭ লক্ষ ও ৭৭ লক্ষ টাকা। মাধ্যমিক পাশ দেবপ্রসাদ ও তাঁর স্ত্রী দুজনেই আয়ের উৎস হিসেবে কৃষিশস্য ব্যবসার উল্লেখ করেছেন। দেবপ্রসাদ বাগ সোনার গয়না নেই বলে উল্লেখ করেছেন। স্ত্রীর গয়নার পরিমাণ ৩১ গ্রাম। পাশাপাশি দেবপ্রসাদ বাগ একটি ২১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের গাড়িরও উল্লেখ করেছেন।

    পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৪৭ লক্ষ ৬৪ হাজার ৫১০ টাকা। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে সাইকোলজিতে এমএসসি করা বসুন্ধরার স্বামী রুদ্রপ্রসাদ রায় ওয়েস্ট বেঙ্গল জুডিসিয়াল সার্ভিসে রয়েছেন। বসুন্ধরার সোনার অলঙ্কারে রয়েছে ৫০০ গ্রাম। স্থাবর সম্পত্তির পরিমাণ ৭২ লক্ষ টাকার। সাইকোলজিকাল কাউন্সেলিং তাঁর আয়ের উৎস বলে উল্লেখ করেছেন বসুন্ধরা।

    মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৩৭৪ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬ লক্ষ ৯৯ হাজার ৩৯৭ টাকা। নেই সোনার অলঙ্কার। উত্তরপ্রদেশের দেওবান্দ দারুল উলুম থেকে ফাজিলে পিজি করা সিদ্দিকুল্লা আয়ের উৎস হিসেবে মন্ত্রী হিসাবে বেতন, জামিয়াত–ই–উলেমার সভাপতি ও জামিয়া ইসলামিয়া আরবিয়ার অধ্যক্ষর উল্লেখ করেছেন।

    পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ ৯৪ হাজার ৩২৪ টাকা। তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা নীলিমা দেবনাথের আয় ৬৫ লক্ষ ২৩ হাজার ৫৪৭ টাকা। দু’জনের স্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২৪ লক্ষ ৩৮ হাজার ২৫ ও ১০ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। এমকম ও এলএলবি পাশ করা স্বপনের কাছে সোনার অলঙ্কার রয়েছে ২০ গ্রাম। স্ত্রীর কাছে সোনার পরিমাণ ১০০ গ্রাম।

    এমবিএ পাশ, কালনার বিজেপি সিদ্ধার্থ মজুমদারের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৭ লক্ষ ৯৩ হাজার ৬১৫ টাকা। স্ত্রী কোয়েল মজুমদারের সম্পত্তির পরিমাণ ৭৮ লক্ষ ৭ হাজার ৭৫২ টাকা। এমএসসি ও বিএড পাশ অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্বস্থলী উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপ সাহার অস্থার সম্পত্তির পরিমাণ ৩০ লক্ষ ২৩ হাজার ৩৩২ টাকা । স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ টাকা। স্ত্রী স্কুল শিক্ষিকা শম্পা মৈত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ ৬০ লক্ষ টাকা।

  • Link to this news (এই সময়)