• বর্ধমানে বিমান চমক! টোটো চালকদের জন্য আকাশপথ!
    আজকাল | ১১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের আবহে মজার মোড়। 

    ভোটের আবহে নানা প্রতিশ্রুতির ভিড়ে এবার চর্চার কেন্দ্রে পূর্ব বর্ধমানের বর্ধমান শহর। শহরের আকাশে নাকি উড়বে বিমান!‌ এমনই চমকপ্রদ দাবি উঠে এসেছে একটি নির্বাচনী ইস্তেহারে। তবে শেষ পর্যন্ত জানা গেল, পুরো বিষয়টাই ছাপার ভুল!

    ঘটনার সূত্রপাত বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দারের প্রকাশিত ইস্তেহার ঘিরে। শুক্রবার প্রকাশিত সেই ইস্তেহারের ৭ নম্বর প্রতিশ্রুতিতে লেখা ছিল টোটো চালকদের জন্য বিমান ব্যবস্থা করা। এই লাইন সামনে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয় জোর চর্চা ও হাস্যরস। 

    শহরের কার্জনগেট থেকে বিসি রোড হয়ে বড়বাজার, আবার জিটি রোডের গোলাপ বাগ থেকে উল্লাস–সব জায়গাতেই যেন কল্পনায় উড়তে শুরু করে বিমান। যানজট এড়াতে টোটো চালকদের জন্য আকাশপথ!‌ এমন ভাবনাই যেন চমকে দেয় সকলকে। 

    তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে প্রার্থী নিজেই বিস্মিত হয়ে পড়েন। গৌরব সমাদ্দার জানান, আসলে সেখানে বিমা (ইনস্যুরেন্স) লেখার কথা ছিল। কিন্তু ছাপার ভুলে তা বিমান হয়ে গেছে। তিনি স্পষ্ট করেন, টোটো চালকদের জন্য বিমা সুবিধার প্রতিশ্রুতিই দিতে চেয়েছিলেন, বিমান নয়। 

    উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্ধমানের গোদা এলাকায় হেলিপ্যাড তৈরির ঘোষণা করেছিলেন। যদিও সেই প্রসঙ্গ এখন অনেকটাই পুরনো, তার মধ্যেই এই বিমান বিতর্ক নতুন করে আলোচনায় এনে দিয়েছে বর্ধমানকে।

    ভোটের আগে এই ধরনের ভুল ইস্তেহার ঘিরে রাজনৈতিক মহলে যেমন চর্চা চলছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে হাস্যরস। গৌরবের বিমা হয়ে গেল বিমান।
  • Link to this news (আজকাল)