• বিয়েতে রাজি না হওয়ায় শরীরে HIV সংক্রমিত রক্ত, মাসখানেক পরে আত্মঘাতী যুবতী
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • বিয়ে করতে রাজি না হওয়ায় ২৪ বছরের এক যুবতীর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার প্রায় এক মাস পরে নিজের জীবন শেষ করলে ওই ২৪ বছরের যুবতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মার্চ এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত মনোহর নামের যুবক ওই তরুণীর বাড়িতে গিয়ে জোর করে তাঁর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত প্রবেশ করান বলে অভিযোগ। অভিযোগ, বিয়ের প্রস্তাব বাতিল করার পরেই এই নৃশংস কাজ করেন তিনি।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও যুবতীর পরিবার একে অপরের আত্মীয়। প্রথমে দুই পরিবারের তরফে তাঁদের বিয়ের কথা ঠিক হয়েছিল। তবে পরে জানা যায়, অভিযুক্তের বাবা-মা এইচআইভি আক্রান্ত। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে যুবকের রক্ত পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তাঁর শরীরেও এইচআইভি সংক্রমণ ধরা পড়ে।

    এই তথ্য সামনে আসতেই তরুণী বিয়ে করতে অস্বীকার করেন। এরপরই প্রতিশোধ নিতে ওই যুবক এমন কাজ করে বলে অভিযোগ। ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

    এই ঘটনার পরে থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তরুণী। পরিবারের দাবি, তিনি চরম মানসিক চাপে ছিলেন। ভয়, সামাজিক লজ্জা ও মানসিক আঘাত তাঁকে গ্রাস করেছিল। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। পরিবারের লোকজন দ্রুত তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

    পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার মানসিক প্রভাবই তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দেয়। তদন্তকারী এক আধিকারিক জানান, ‘এইচআইভি আক্রান্ত হওয়ার ঘটনার মানসিক চাপ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’ এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)