মণিপুরে মৃত মালদার BSF জওয়ান। মৃত জওয়ানের নাম মিঠুন মণ্ডল (৩৪)। শুক্রবার বিকেলে কর্তব্যরত অবস্থায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে মণিপুরের উখরুল জেলার মংকোট চেপু এলাকায়। সূত্রের খবর, মিঠুন BSF-এর ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।
সূত্রের খবর, মিঠুন মালদার মোথাবাড়ি থানা এলাকার উত্তর লক্ষ্মীপুরের ভাগজান টোলা গ্রামের বাসিন্দা। মিঠুন প্রায় ৮ বছর আগে BSF-এর ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। তাঁর পরিবারে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ বাবা-মা রয়েছেন। ঘটনার দিন দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। সেই সময়ে হঠাৎ একটি গুলি এসে তাঁর কাঁধে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিঠুন।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। মিঠুনের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
মিঠুনের আত্মীয় মহাদেব মণ্ডল বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রথমে ফোন করে বলা হয় মিঠুন গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা খুবই খারাপ। এর কিছুক্ষণ পরে ফের ফোন করে বলা হয় মিঠুন আর বেঁচে নেই।’