আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি।
জানা গেছে, শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থের নাকতলার বাড়িতে যায় ইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এটা ঘটনা, জামিন পাওয়ার পর একাধিকবার তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতিবারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই এবার পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে গেল ইডি। একইসঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউটাউনে প্রসন্ন রায়ের দপ্তরেও। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত এই প্রসন্ন।
এদিকে, শনিবার রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধাননগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসুকে তলব করেছিল ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে পরপর দু’বার তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা দেননি তিনি। নির্বাচনী কাজের জন্য ব্যস্ত থাকার জন্য সময় চেয়েছিলেন। এদিকে, তিনি আবার গত দু’দিন ধরে অসুস্থ থাকার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার সুজিত বসুর ছেলে সমুদ্র বসু ইডি দপ্তরে আসেন। জানা গিয়েছে, নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে এসেছেন সুজিত বসুর ছেলে।
প্রসঙ্গত, দীর্ঘদিন জেলবন্দি থাকার পর কয়েকমাস আগেই ছাড়া পেয়েছেন পার্থ। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই দুই সংস্থাই। এটা ঘটনা, নাকতলার বাড়ি থেকেই নিয়োগ মামলায় পার্থকে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল সেখানে পৌঁছায়।
জানা গিয়েছে, নাকতলায় পার্থের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনটি গাড়িতে পৌঁছেছে ইডির দল। বাড়ি ঘিরে ফেলেছেন জওয়ানরা। ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও শনিবার তলব করা হয়েছে ইডি দপ্তরে।