আজকাল ওয়েবডেস্ক: চড়চড় করে বাড়ছে গরম। আপাতত বৃষ্টির পালা শেষ। এবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী সাতদিন বাংলায় বিশেষ করে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং পাল্লা দিয়ে বাড়বে রোদের তেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চরম দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র গরম পড়তে পারে আগামী সপ্তাহ থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম অনেকটাই বাড়বে। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। যদিও মঙ্গলবার ও বুধবার বজ্রগর্ভ মেঘ থেকে দু’এক জায়গায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা গরম কমাবে না। শুষ্ক আবহাওয়ায় গলদঘর্ম হতে হবে আম জনতাকে। বৃহস্পতিবার থেকে অবশ্য পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া বা ঝাড়গ্রামে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়ার কিছুটা মিশ্র ছবি দেখা যেতে পারে। আজ অর্থাৎ শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে আগামী সপ্তাহ থেকে সেখানেও বৃষ্টির দাপট কমবে, তাপমাত্রাও বাড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অবশ্য সেখানে আগামী সপ্তাহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে অবশ্য তাপমাত্রা খুব একটা কমবে না।
কলকাতায় শনিবার থেকেই আকাশ পরিষ্কার, তবে বেলার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করবে। রবিবারের মধ্যেই শহরের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামী বুধবার শুক্রবার পর্যন্ত চরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।