৩৫ ডিগ্রি গরমে চাঁদি ফাটবে, ১৩ থেকে ১৭ এপ্রিল জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা
আজ তক | ১১ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর স্বস্তি কাটতেই ফের তপ্ত হতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। গত কয়েক দিনের ঝোড়ো বৃষ্টি ও মনোরম আবহাওয়ার পর বৈশাখের শুরুতেই তাপমাত্রার পারদ দ্রুত চড়তে চলেছে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, ১৭ এপ্রিলের মধ্যে তা ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে আশঙ্কা।
এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে পশ্চিম বর্ধমানেও ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
তবে এরই মধ্যে সামান্য বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ১২ এপ্রিল ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে এবং ১৩ এপ্রিল বাঁকুড়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরে এসে গরমের দাপট আরও বাড়াবে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির প্রভাব বজায় রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে আজ হলুদ সতর্কতা জারি হয়েছে, সঙ্গে বজ্রপাত ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এতদিন অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রভাব এখন কমে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ হ্রাস পেয়ে তাপমাত্রা ও অস্বস্তি দুই-ই বাড়বে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও ১৭ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।