বাবা অসুস্থ, তাই ED অফিসে হাজির সুজিতের ছেলে সমুদ্র
আজ তক | ১১ এপ্রিল ২০২৬
আজ সকাল সাড়ে দশটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি অফিসে হাজিরা দিলেন তৃণমূল নেতা সুজিত বোসের পুত্র সমুদ্র বোস। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি সোমবার সুজিতকে তলব করেছিল। তবে সে দিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে একটি চিঠি পাঠান। এরপর বৃহস্পতিবার ইডি তাঁকে দ্বিতীয়বার তলব করে। কিন্তু সে দিনও তিনি ইডি দফতরে হাজিরা দেননি।
এরই মধ্যে সুজিতের শারীরিক অবস্থার অবনতি হয় বলে খবর। সেই মতো বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে তাঁকে আবারও তলব করে ইডি। তাই শনিবার সকালে তাঁর ছেলে সমুদ্র একটি ফাইল নিয়ে ইডি দফতরে পৌঁছন বলে জানা গিয়েছে।
কোথায় জটিলতার সূত্রপাত?
SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময় অয়ন শীলের অফিস হানা দিয়েছিলেন গোয়েন্দারা। তাঁরা সেখান থেকে কিছু ওএমআর শিট উদ্ধার করেন। আর এখান থেকেই পুরসভার নিয়োগের দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। তদন্তে নেমে অনেককে গ্রেফতার করা হয়। পরে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও। আর এই নিয়োগ দুর্নীতি মামলাতেই সুজিতকে ডাকা হয়েছিল। তবে তিনি সেখানে উপস্থিত হননি।
মাথায় রাখতে হবে, এই মামলাতে শুধু সুজিত নয়, পাশাপাশি তাঁর পুত্রের নামও জড়িয়েছে। দফায় দফায় সুজিতের পুত্র, মেয়ে এবং স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া এই মামলাতেই বছরখানেক আগে সমুদ্রর নামে থাকা একাধিক রেস্তরাঁয় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। ওই সব জায়গা থেকে সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেছিল গোয়েন্দারা।
এমন পরিস্থিতিতে আবার ইডি অফিসে উপস্থিত হলেন সুজিত বসুর ছেলে। তিনি শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ সেখানে উপস্থিত হন। এই মামলায় আজ তৃতীয়বারের জন্য সুজিতকে তলব করেছিল ইডি। তবে তিনি যাননি। তাঁর জায়গায় পুত্র সমুদ্র ইডির কাছে গিয়েছেন। কিছু ডকুমেন্টস সঙ্গে নিয়েই ইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছেন সমুদ্র।
পার্থর বাড়িতে চলছে ইডি তল্লাশি
কিছুদিন আদেই জামিনে জেলমুক্তি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আর আজই তাঁর বাড়িতে হানা দিল ED। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। নাকতলার বাড়ির চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। আর ভোটের মুখে পার্থর বাড়িতে ফের ED অভিযান নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলাতেই অভিযুক্ত পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।