• পার্থর বাড়িতে আবার ED, ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
    আজ তক | ১১ এপ্রিল ২০২৬
  • সবেমাত্র জামিন পেয়ে জেলমুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফের তাঁর বাড়িতে হানা দিল ED। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম। নাকতলার বাড়ির চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। ভোটের মুখে রাজনীতিবিদের বাড়িতে ফের ED অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলাতেই অভিযুক্ত পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। 

    উল্লেখ্য, জামিনে মুক্তি পাওয়ার পর একাধিকবার ED সমন পাঠিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ জানিয়েছিলেন, তিনি অসুস্থ। প্রয়োজনে ভিডিও কলের মাধ্য ED জিজ্ঞাসাবাদ করুক, চেয়েছিলেন তিনি। বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোনও আপত্তি ছিল না তাঁর। ফলে অনুমান করা হচ্ছে, সে কারণেই সম্ভবত পার্থর নাকতলার বাড়িতে হাজির হয়েছে ED টিম। 

    তবে কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই নয়, নিউ টাউনেও পৌঁছে গিয়েছে ED-র অপর একটি টিম। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত প্রসন্ন রায়ের দফতর রয়েছে, ED তল্লাশি চলছে সেখানেই।

    প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই মাসে এই নাকতলার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সে সময় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী ও পরিষদীয় দফতর দায়িত্বে ছিলেন। গ্রেফতারের পর মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় এবং তৃণমূল কংগ্রেস তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরে একই মামলায় CBI-এর হাতেও গ্রেফতার হন তিনি। শিক্ষক দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেল খাটার পর ভোটের আগেই গত বছর ১১ নভেম্বর জামিনে মুক্তি পেয়েছিলেন। দল থেকে সাসপেন্ড থাকা সত্ত্বও বিধানসভায় দাঁড়ানো নিয়ে আশাবাদী ছিলেন তিনি। এমনকী, নিজের এলাকা বেহালা পশ্চিমে জনসংযোগ করতেও বেরিয়ে পড়েছিলেন। তবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় নাম নেই পার্থর। তৃণমূলের টিকিটে পার্থর কেন্দ্রে দলের বাজি রত্না চট্টোপাধ্যায়। 

     পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ফিরে বেহালা পশ্চিমের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, 'বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।' ফলে অনুমান করা হচ্ছিল তিনি ভোটে লড়বেন। তবে বাস্তবে তেমনটা হয়নি। 

     
  • Link to this news (আজ তক)