• স্কুল বন্ধ, ভোট-ডিউটিতে টিচাররাও, ইউটিউব ক্লাসে জোর দিচ্ছে সংসদ
    আজ তক | ১১ এপ্রিল ২০২৬
  • ভোটের আবহে স্কুলশিক্ষা কার্যত ব্যাহত। একদিকে শিক্ষকরা ভোটের প্রশিক্ষণে ব্যস্ত, অন্যদিকে বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান এবং ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার, সব মিলিয়ে দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় বিকল্প হিসেবে অনলাইন শিক্ষার ওপর জোর বাড়াচ্ছে শিক্ষা দফতর ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

    সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ইতিমধ্যেই ৪৫০টিরও বেশি অনলাইন ক্লাস আপলোড করা হয়েছে। এগুলি বাংলার শিক্ষা পোর্টাল এবং ইউটিউবের মাধ্যমে পড়ুয়াদের জন্য উপলব্ধ। এছাড়াও আরও প্রায় ২৫টি ক্লাসের ভিডিও প্রস্তুত রয়েছে, যা শীঘ্রই আপলোড করা হবে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের জন্যই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।

    অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব উদ্যোগে ৯০০-রও বেশি ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। শুক্রবার সংসদের ইউটিউব চ্যানেল থেকে সভাপতি পার্থ কর্মকার পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, স্কুল বন্ধ থাকাকালীন সময়ে এই ভিডিও ক্লাসগুলি নিয়মিত অনুসরণ করা উচিত। কোনও বিষয়ে সমস্যা হলে নির্দিষ্ট ইমেলে প্রশ্ন জানাতে বলা হয়েছে, এবং তার উত্তর দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে।

    তবে এই উদ্যোগের মধ্যেই সামনে এসেছে অন্য ছবি। ইউটিউবের ভিডিওগুলির নীচে বহু পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়ে মন্তব্য করছেন। তাঁদের বক্তব্য, পরীক্ষা যেহেতু নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে, তাই ফলও আগেভাগে প্রকাশ করা হোক। কেউ কেউ আবার ভোটের আগেই ফল প্রকাশের আবেদন জানিয়েছেন, যদিও মার্কশিট পরে দেওয়া হলেও তাঁদের আপত্তি নেই।

    এদিকে, উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নম্বর জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, স্কুলগুলি আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই নম্বর জমা দিতে পারবে। এর আগে ১ এপ্রিল পর্যন্ত সরাসরি এবং ৬ এপ্রিল পর্যন্ত জরিমানা-সহ জমা দেওয়ার সুযোগ ছিল। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সংসদ এই সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছে, যদিও নতুন বিজ্ঞপ্তিতে জরিমানার কোনও উল্লেখ নেই।

     
  • Link to this news (আজ তক)