• ৫ থেকে ৭ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, বইবে লু, কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার আপডেট
    আজ তক | ১১ এপ্রিল ২০২৬
  • চলতি বছরে এখনও পর্যন্ত মোটামুটি আবহাওয়া ভালই থেকেছে। নিয়মিত হয়েছে ঝড়বৃষ্টি। তার দাপটে তেমন একটা গরম পড়েনি। যদিও সেই স্বস্তির পরিস্থিতি এবার উধাও হতে চলেছে। রাজ্যে চড়চড়িয়ে তাপমাত্রা বাড়ার রয়েছে আশঙ্কা। যার ফলে আগামী কয়েকদিন রাজ্যবাসীকে অস্বস্তিকর গরম সহ্য করতে হবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

    আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। যার ফলে এক ধাক্কায় তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। দাবদাহ এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যে, বইতে পারে লু। এমনকী বাঙালির নববর্ষের দিন, অর্থাৎ ১৫ এপ্রিলও লু বইবার আশঙ্কা রয়েছে। তাই সেই দিন কোনও প্ল্যান থাকলে গরমের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে।

    কবে থেকে বাড়বে তাপমাত্রা? 
    হাওয়া অফিসের তরফে খবর, আজ থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে মোটামুটি ১৩ এপ্রিল থেকে দাবদাহ বাড়বে। এমন চাঁদিফাটা গরম চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এই সময় লু পর্যন্ত বইতে পারে। তাই সাবধান হন। 

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 
    শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি দেখেনি কলকাতা। সকাল থেকেই ছিল চড়া রোদ। আর সেই ট্রেন্ড রয়েছে শনিবারও। চাঁদিফাটা রোদে অস্বস্তি বাড়বে। আর রবিবার আরও খারাপ হবে পরিস্থিতি। আগামিকাল ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে গরম। আর আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। 

    দক্ষিণবঙ্গেও বাড়বে গরম
    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গেও পাল্লা দিয়ে বাড়বে গরম। অধিকাংশ জেলার আবহাওয়াই থাকবে শুষ্ক। যার ফলে অস্বস্তিকর হবে পরিস্থিতি। বিশেষত, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে অস্বস্তিকর গরমের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তাই এই সব জেলার অধিবাসীরা একটু সাবধানে থাকুন।

    তবে পশ্চিমের কিছু জেলায় এমন দাবদাহের মধ্যেও সামান্য বৃষ্টি হতে পারে। যদিও তাতে অস্বস্তি কিছুই কমবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

    উত্তরবঙ্গে কি ট্রেন্ড?
    দক্ষিণের মতো একই ট্রেন্ড থাকবে উত্তরবঙ্গে। এবার ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। যার ফলে অস্বস্তি শুরু হবে বাংলার উত্তরভাগেও। 

    যদিও উত্তরবঙ্গের ভাল খবর হল, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তরের সমতলে আবহাওয়া মূলত থাকবে শুষ্ক। সেখানে গরম তরতরিয়ে বাড়বে। 

     
  • Link to this news (আজ তক)