বীরভূমে শাসকদলের একাধিক নেতার মাত্রাতিরিক্ত সম্পত্তি নিয়ে খবর মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে। এ বার চর্চায় বীরভূমের সাঁইথিয়ার বিজেপি প্রার্থীর সম্পত্তি। শনিবার বিতর্ক উস্কে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
এ দিন সাঁইথিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতী সাহার সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতে প্রার্থী পরিচয় দেওয়ার সময়ে বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহাকে নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ‘বিজেপি প্রার্থীর পরিবারের নাকি চায়ের দোকানের সঙ্গে যুক্ত। তাঁর কোথা থেকে ১৭টি ডাম্পার হলো? ঘোষিত সম্পদ ৩ কোটি টাকা কী করে হলো?’
গত দু’বারের বিধানসভা নির্বাচনে পিয়া সাহাকে প্রার্থী করেছিল বিজেপি। এ বার বিজেপির সাংগঠনিক (বীরভূম) জেলা সহ-সভাপতি কৃষ্ণকান্ত সাহা এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। মহম্মদবাজারের দেউচার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক কৃষ্ণকান্ত ২০২৩-এ জেলা পরিষদেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
যদিও অভিষেকের দাবি নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁর সম্বন্ধে বলেছেন তিনি আমাদের দীর্ঘদিনের কর্মী। তাঁর সম্বন্ধে আমি বলতে পারি, তাঁদের চায়ের দোকান ছিল কি না আমার জানা নেই। তবে ওঁর বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি যতটুকু জানি পাথর ব্যবসার সুবাদে ওঁর কয়েকটি ডাম্পার রয়েছে।’