• প্রাণভয়ে চিৎকার মহিলাদের, সিঙ্গুরে গয়নার কারখানায় ভয়াবহ আগুন
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • সিটি গোল্ডের গয়না তৈরির কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। শনিবার দুপুরে হুগলির সিঙ্গুরের নসিবপুরে এই ঘটনা ঘটে।

    ওই কারখানাটি বহু পুরোনো। সিটি গোল্ডের গয়না তৈরি করা হয় সেখানে। এ দিন দুপুরে কারখানার ভিতরে কর্মীরা কাজ করছিলেন। আচমকাই কারখানার ছাদের উপর থেকে কালো ধোঁয়া পাক খেয়ে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে চারিদিক কালো হয়ে যায়।

    কারখানার ভিতরে তখন কাজ করছিলেন বেশ কয়েকজন মহিলা। তাঁরা প্রাণভয়ে চিৎকার করতে থাকেন। এলাকার লোকজনই মই নিয়ে গিয়ে উদ্ধার করে আনেন তাঁদের। ততক্ষণে খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

    পুরুষ ও মহিলা মিলিয়ে কারখানার ভিতরে সে সময়ে প্রায় ৬-৭ জন শ্রমিক ছিলেন। তাঁদের প্রত্যেককেই নীচে নামিয়ে আনা হয়‌‌। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কারখানা। দমকলের তিনটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    দমকল আধিকারিক সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘দমকলের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে। তবে আমরা এসে দেখি কারখানার পুরোটাই জ্বলে গিয়েছে। তদন্ত করে দেখা হবে কী থেকে আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।’

  • Link to this news (এই সময়)