• গণতন্ত্রের উৎসবে শামিল হতে আহ্বান 'গোলাপ সুন্দরী'র
    আজকাল | ১২ এপ্রিল ২০২৬
  • মিল্টন সেন: আর কয়েক দিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে পথে পথে ঘুরে মানুষকে ভোট দিতে উৎসাহী করছেন স্কুল শিক্ষক দেবাশিষ মুখার্জি। পেশায় শিক্ষক, নেশায় বহুরূপী দেবাশিষ সর্বত্র 'গোলাপ সুন্দরী' নামেই পরিচিত। 

    হুগলির খানাকুল মোজপুর  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবু। বেশ কয়েক বছর ধরে তিনি বহুরূপী সেজে জনসচেতনতায় প্রচার করে থাকেন। তাঁর প্রচেষ্টায় প্রশাসনের সহযোগিতায় অনেক বাল্যবিবাহ আটকানো গিয়েছে। এবার তিনি গণতন্ত্রের উৎসবে শামিল হতে মানুষকে আহ্বান করছেন। 

    ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারকে সুনিশ্চিত করতে মানুষ ইভিএমে নিজের মত দেবেন, সেই জনমতের ভিত্তিতেই সরকার তৈরি হবে। যে সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে। তাই গণতন্ত্রের উৎসবে সকলের শামিল হওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি। 

    শনিবার চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরের কাছে মানুষকে ভোটদানে উৎসাহী করেন দেবাশিষ মুখার্জি। যদিও পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন একটু অন্যরকম। এসআইআর হয়েছে ঠিক নির্বাচনের আগেই। সেই এসআইআর এ অনেক ভোটারের নাম বাদ গিয়েছে। যুক্তিগ্রাহ্য অসংগতির ফলে বিবেচনাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষের নাম। ভোটার তালিকা থেকে বাদও পড়েছেন বহু ভোটার। সেই প্রসঙ্গে গোলাপ সুন্দরী বলেন, "এটা খুবই দুঃখের। যাদের নাম বাদ গিয়েছে তারা পুরোপুরি ভোটাধিকার হারালেন এমনটা কিন্তু নয়, সুপ্রিম কোর্ট জানিয়েছেন যাদের নাম বাদ পড়েছে তার আগামী দিনে আবার ভোটার হতে পারেন। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বাতিল ভোটাররা।"
  • Link to this news (আজকাল)