আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আবহে ফের কলকাতা পুলিশে রদবদল। একসঙ্গে ১২ পুলিশ আধিকারিকের দপ্তর বদলে দেওয়া হল। সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের তিন যুগ্ম কমিশনারকে। এবার কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হয়েছে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদকে। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশে একযোগে উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক পদক্ষেপ করল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। শনিবার (১১ এপ্রিল ২০২৬) জারি হওয়া নির্দেশিকায়, রাজ্যের একাধিক আইপিএস ও রাজ্য পুলিশের আধিকারিকদের বদলি ও নতুন পদ অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে কমিশন বদলির তালিকা অনুমোদন করেছে। একইসঙ্গে কমিশনের নির্দেশ, ১২ এপ্রিল বেলা ১১টার মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে। ভোটের আগে আইন-শৃঙ্খলা জোরদার করতেই এই সিদ্ধান্ত।
নির্বাচন ঘিরে বাড়ছে তৎপরতা:
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই নির্বাচন কমিশনের তৎপরতা বাড়ছে। ২৪০০ কোম্পানির পরও ইতিমধ্যেই অতিরিক্ত ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘোষণা করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় নজরদারি এবং প্রশাসনিক বদলির মতো একাধিক পদক্ষেপ করা হচ্ছে।রাজনৈতিক মহলের মতে, এই বড় রদবদল আসন্ন বিধানসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।