সিপিএম-আইএসএফের সঙ্গেও সেটিং বিজেপির! ভিডিও-কাণ্ডে বিস্ফোরক প্রতীক উর
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের হাজার কোটি টাকার ‘ডিল’ নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনে (Bengal Election 2026) সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাগ করতেই এই ডিল হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এই আবহে তৃণমূল নেতা প্রতীক উর রহমানের অভিযোগ, বিজেপি, আরএসএসের সঙ্গে রাতের অন্ধকারে সিপিএম, আইএসএফ আর হুমায়ুন কবীরের দল জোট করেছে। তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে। পাণ্ডবেশ্বরে নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের নিয়ে এই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের তারকা প্রচারক প্রতীক (Pratikur Rahaman)।
শনিবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার রাঙ্গামাটি এলাকায় প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতা প্রতীক উর। এদিন জনসভা থেকে আরাবুল ইস্যুতে আইএসএফ-কে কটাক্ষ করেছেন তিনি। সদ্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছেন আরাবুল ইসলাম। তাঁকে ক্যানিং পূর্ব থেকে টিকিট দিয়েছে আইএসএফ। এই নিয়ে নওশাদ সিদ্দিকীর দলকে কটাক্ষ করে প্রতীক উপর বলেন, “এখন আরাবুলকে নিয়ে সমস্যা হচ্ছে না?” পাশাপাশি তিনি আরও বলেন, “আইএসএফের বন্ধুরা প্রশ্ন করুন? রাতের অন্ধকারে কোন আইএসএফ নেতা কোন বিজেপি নেতার সঙ্গে সেটিং করেছে? কত টাকা পেয়েছে।” প্রতীকের দাবি, শুধুমাত্র মুখে সেকুলার বলে মাথায় টুপি দিয়ে মুসলিমদের ভোট কাটা হচ্ছে। বিজেপিকে সুবিধা করে দিতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এছাড়াও প্রতীক উরের অভিযোগ, বিজেপি বাংলা-বিরোধী। এদিনের সভায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ তৃণমূলের নেতা নেত্রীরা।
প্রতীক উর রহমান আরও বলেন, “যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি তৃণমূলের প্রতি মানুষের ভরসা রয়েছে। পাণ্ডবেশ্বর বিধানসভাতেও আমরা নিশ্চিতভাবে জিতছি। এই বিধানসভায় ৫০ হাজার ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব।”