• ভোটের মুখে নন্দীগ্রামের ৪৩ নেতাকে এনআইএ নোটিস, পালটা পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূলের
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
  • ভোটের বাকি আর কয়েকটা দিন। যা নিয়ে শাসক-বিরোধী দুই শিবিরেই ক্রমশ চড়ছে পারদ। চলছে প্রচার। এরই মধ্যে বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ভোটের আগে নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূল নেতা কর্মীকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূলের অভিযোগ, যারা ভোট পরিচালনার কাজে নিযুক্ত, তাদের বেছে বেছে নোটিশ পাঠানো হয়েছে। যদিও বিজেপির দাবি, তদন্তের স্বার্থে এনআইএ যে কাউকে নোটিস পাঠাতেই পারে।

    বঙ্গ ভোটে এবারও ‘হাইভোল্টেজ’ কেন্দ্র নন্দীগ্রাম। একদিকে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে একদা তাঁর ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। নন্দীগ্রামের ভোট প্রচারে কেউ কাউকে একটুকরো জমি ছাড়তে নারাজ। কিন্তু এনআইএ নোটিস ঘিরে ক্রমশ চড়ছে নন্দীগ্রামের রাজনীতি। জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, সামসুল ইসলাম-সহ পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতিদের এনআইএ নোটিস ধরানো হয়েছে। শুধু তাই নয়, বুথ স্তরের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিস পাঠানো হয়েছে বলে খবর। ইতিমধ্যে বেশ কয়েকজন সেই নোটিস হাতে পেয়েছেন বলেও খবর। যেখানে ১৭ এপ্রিল কলকাতার এইআইএ র দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের মুখে এই নোটিস ঘিরেই শুরু হয়েছে তরজা।

    তৃণমূলের দাবি, নন্দীগ্রামের ভোট বানচাল করতে বিজেপি তৃণমূল কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এনআইএ তদন্তের নামে নোটিশ পাঠাতে শুরু করেছে। যদিও বিজেপির দাবি, এনআইএ তদন্তের স্বার্থে কাউকে নোটিশ পাঠাতেই পারে। তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূল ভয় পেয়ে বিজেপির নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

    এই প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায় জানান, ল্যান্ড ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। সেই ঘটনায় তদন্তের নামে বিজেপি নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূলের নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে এনআইএ নোটিস পাঠিয়েছে। কয়েকজনের বাড়িতে সেই নোটিস পৌঁছেছে। যেখানে তাঁদের ১৭এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেতার দাবি, যারা ভোটের কাজে যুক্ত, তাঁদেরকেও টার্গেট করে এই নোটিস দেওয়া হচ্ছে। আসলে শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরে এনআইএ নোটিস পাঠাতে শুরু করেছে। আমরা সকলের নোটিস সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
  • Link to this news (প্রতিদিন)