• ‘শালীন গ্রাম’ গড়তে কড়াকড়ি, মুখ ফসকে বেরোলেই ‘গালি’ প্রতি ৫০০!
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
  • গালিগালাজ দিলেই শাস্তি পেতে হবে গ্রামবাসীদের। আট থেকে আশি সকলেই এই শাস্তির আওতায় রয়েছেন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বুরহানপুর জেলার বোরসার গ্রামে শালীনতা বজায় রাখতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে কেউ অশালীন ভাষা ব্যবহার করলে বা গালিগালাজ করলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। অথবা তাঁকে এক ঘণ্টা গ্রামের কোনও এলাকা পরিষ্কারের কাজ করতে হবে।

    সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যেই গ্রামজুড়ে পোস্টার টাঙিয়ে এই নিয়ম সম্পর্কে গ্রামবাসীদের জানানো হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান বিনোদ শিন্ডে জানান, শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের মধ্য়ে অশ্রাব্য ভাষার ব্যবহার বেড়ে গিয়েছিল। বিশেষ করে মা-বোনকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য প্রায়ই শোনা যেত। নতুন নিয়ম চালুর পর পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে দাবি করেন তিনি।

    স্থানীয় বাসিন্দা জয়শ্রী বলেন, “এখন সবাই সতর্ক। শাস্তির ভয় থাকায় কেউ সহজে খারাপ ভাষা ব্যবহার করছে না। আগে অনেক বোঝানোর পরও শিশুরা এসব কথা বলত, এখন তা কমেছে।”

    অন্যদিকে, গ্রামের যুবক অশ্বিন পাটিল জানান, ‘গালিগালাজ-মুক্ত গ্রাম’ গড়ে তোলার এই ভাবনাটি তিনিই প্রথম পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানকে বলেছিলেন। আগে ১২-১৩ বছরের কিশোরদের মুখে গালাগালি শোনা যেত। তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েতের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রামবাসীদের মতে, গালিগালাজ-মুক্ত গ্রাম গড়ার উদ্যোগ ইতিমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। গ্রামে অশালীন ভাষা ব্যবহার অনেকটাই কমে গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)