লিটার প্রতি ৩৪ টাকা বাড়ল ডিজেলের রপ্তানি শুল্ক, যুদ্ধের বাজারে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে প্রভাবিত হয়েছে জ্বালানির বাজার। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ৫৫ টাকা ৫০ পয়সা বাড়াল অর্থমন্ত্রক। পাশাপাশি, বাড়ানো হয়েছে বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েলের রপ্তানি শুল্কও।
আগে ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ছিল ২১ টাকা ৫০ পয়সা। এবার ৩৪ টাকা বৃদ্ধি পেয়ে তা হল ৫৫ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আগে ছিল ২৯ টাকা ৫০ পয়সা। প্রায় ১৩ টাকা বেড়ে এখন তা হয়েছে ৪২ টাকা। শনিবার থেকেই এই নয়া হার কার্যকর হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। তবে পেট্রোলের রপ্তানি শুল্কের ক্ষেত্রে কোনও বদল আনা হয়নি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে যাতে দেশে তেল সংকট না দেখা যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে দেশে ডিজেল সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের জেরে কোপ পড়েছে বিমান সফরেও। বাড়ছে বিমান ভাড়া। ফলে পরিস্থিতি যাতে কিছুটা নিয়ন্ত্রণে থাকে তার চেষ্টাই করছেন সরকারি কর্তারা।