আদালতে স্বস্তি পবন খেরার, এক সপ্তাহের আগাম জামিন মঞ্জুর
বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
হায়দরাবাদ: আদালতে সাময়িক স্বস্তি। শুক্রবার কংগ্রেস নেতা পবন খেরার এক সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করল তেলেঙ্গানা হাইকোর্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার নামে তিনটি দেশের পাসপোর্ট রয়েছে। কর ফাঁকি দিয়ে আমেরিকায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। সম্প্রতি এমনই অভিযোগে সরব হন কংগ্রেস নেতা পবন খেরা। অসমে বিধানসভা ভোটের আবহে এই তথ্য সামনে আসতেই গোটা দেশে সাড়া পড়ে যায়। তড়িঘড়ি খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। দিল্লিতে খেরার বাসভবনেও হানা দেয় অসম পুলিশ। সেই সংক্রান্ত মামলায় এবার পবন খেরার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।
এদিন শুনানি চলাকালীন খেরার আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে কোনো অপরাধের ইতিহাস নেই। তিনি আইন মেনে চলেন। তদন্তের ক্ষেত্রেও সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এটি হেনস্তা ছাড়া আর কিছু না। আমরা কি এমন অরাজকতার মধ্যে বাস করছি, যেখানে এই ধরনের অভিযোগের জন্য একজনকে গ্রেপ্তার করা যেতে পারে? এফআইআরে সম্ভাব্য সব ধরনের অপরাধের উল্লেখ রয়েছে’। এদিন আদালতের কাছে বাড়তি সময়ও চান তিনি। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি বিচারপতি কে সুজানার বেঞ্চ। আদালতের বক্তব্য, আর পাঁচজনের মতো সাধারণ মানুষ নন পবন খেরা। এক সপ্তাহ যথেষ্ট সময়। এর মধ্যে সঠিক জায়গায় গিয়ে তাঁকে জামিনের আবেদন জানাতে হবে।
এনিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আমরা খেরার পিছনে পুলিশ লাগিয়েছি। অসমের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ধাওয়া করছে না তাঁকে। এফআইআর হয়েছে। সেইমতো পুলিশ তার কাজ করছে।