জঙ্গি শিবিরে নামাজের কারণে বদলানো হয় অপারেশন সিন্দুরের সময়, দাবি সেনাপ্রধানের
বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: পাকিস্তানের জঙ্গি শিবিরে নামাজ চলছিল। সেই কারণেই অপারেশন সিন্দুরের এয়ারস্ট্রাইকের সময় বদল করা হয়। শুক্রবার সামনে আসা এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন দেশের চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি এও বলেন, অপারেশন সিন্দুর অত্যন্ত সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট ছিল। সে কারণেই রাত দু’টো বা ভোর চারটে দুই সময়েই এয়ারস্ট্রাইক করা যেত। কিন্তু জঙ্গি শিবিরে নামাজ চলার কারণে সময় বদলানো হয়। এটাই অপারেশন সিন্দুরের সার্থকতা যে, সবটাই লড়াইয়ের মানসিকতা দিয়ে বিচার করা হয়নি। ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসের দিকটিও বিচার করা হয়েছিল।
সেনাপ্রধানের এই মন্তব্য আরও একবার স্পষ্ট করল যে, নিশানায় যে জঙ্গি ঘাঁটি রয়েছে, সেখানকার পরিস্থিতি নিয়ে ভারতীয় সেনার কমান্ডারদের যথেষ্ট ধারণা ছিল। শুধু তাই নয়, নামাজের সময় যাতে হামলার মুখে না পড়তে হয়, সেদিকেও খেয়াল রেখেছিলেন সেনাকর্তারা।