চারদিন পরে কর্ণাটকে উদ্ধার কেরলের নিখোঁজ কিশোরীর দেহ, চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের
বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
বেঙ্গালুরু, ১১ এপ্রিল: কর্ণাটকে বেড়াতে গিয়েছিলেন কেরলের পালাক্কাডের একটি পরিবার। দলে ছিলেন প্রায় ৪০ জন। কিন্তু চন্দ্রদ্রোণ পাহাড়ে হাইকিংয়ে গিয়ে ঘটে বিপত্তি। রহস্যজনকভাবে নিখোঁজ হয় শ্রী নন্দা নামে বছর ১৪ বয়সি এক কিশোরী। চারদিন ধরে তল্লাশি চালানোর পরে গভীর খাদ থেকে উদ্ধার হল তার নিথর দেহ। যদিও শ্রী নন্দার পরিবারের দাবি, এটি অপহরণ করে খুনের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে হাম্পিতে গিয়েছিল শ্রী নন্দারা। গত ৭ এপ্রিল সেখান থেকে তারা পৌঁছয় চিক্কামাগালুরু শহর। এর পরে পরিকল্পনা অনুযায়ী চন্দ্রদ্রোণ পাহাড়ে হাইকিং করতে যায় গোটা দল। একসময় দলের অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শ্রী নন্দা। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। খবর পাওয়ার পরে দ্রুততার সঙ্গে রাতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
তদন্তকারীরা প্রাথমিক তদন্তে জানতে পারেন, দশম শ্রেণির পড়ুয়া শ্রী নন্দাকে শেষবার দেখা গিয়েছিল চন্দ্রদ্রোণ পাহাড়ের মাণিক্যধারা অঞ্চলে। ফলে এই এলাকাজুড়ে চলে নিবিড় তল্লাশি। সাহায্য নেওয়া হয় ড্রোনের। চারদিন টানা তল্লাশির পর মাণিক্যধারা ভিউ পয়েন্টের প্রায় ১,৫০০ ফুট নীচে শ্রী নন্দার মৃত উদ্ধার হয়। পরিবারের লোকজন এই ঘটনাটিকে অপহরণ করে খুনের ঘটনা বলে অভিযোগ করেছে। যদিও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ পুলিশ। তদন্ত চলছে।