• বাদ পড়া ভোটাররা দেশদ্রোহী! দিলীপের মন্তব্যে ক্ষিপ্ত তালিকায় না থাকা হিন্দুরাও
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, খড়্গপুর: ‘দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় হয়েছে।’ ফের বেফাঁস মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। হিন্দু-মুসলমান নির্বিশেষে এসআইআরে বাদ পড়া ভোটারদের ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। বৃহস্পতিবার রাতে খড়্গপুর শহরের তালিবাগিচা এলাকায় প্রচারে গিয়ে, খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী মন্তব্য করেন, ‘ওদের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। পিসি-ভাইপোর ভোল পাল্টে যাচ্ছে। যত জল ছিল (ভোটার তালিকায়) সব নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। ৯০ লাখ গিয়েছে। আরও ১০-১২-১৫ লাখ যাবে! এই ভুয়ো ভোটারদের জন্যই তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছর সিপিএম ছিল।’ এরপরই দিলীপ বলেন, ‘এই দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় হয়েছে। ভারতবর্ষে, সারাদেশে পরিবর্তনের ঢেউ। উন্নয়নের ঢেউ। সেটা এবার পশ্চিমবাংলায় লাগবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। রেগে আগুন বাদ পড়া হিন্দু ভোটাররাও। প্রসঙ্গত, এসআইআর পর্বে যে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তার মধ্যে ৬৩ শতাংশের বেশি হিন্দু। রাজনৈতিক মহলের বক্তব্য, এসআইআর শুরু হওয়ার আগে থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা করার ঘোষণা করছিল বিজেপি। বাদ পড়া ভোটারদের সিংহভাগ হিন্দু হওয়ায়, গোটা প্রক্রিয়াটা যে বুমেরাং হয়েছে, সে উপলব্ধি বিজেপির বাকিদের কমবেশি হলেও, দিলীপবাবুর হয়নি। আর তাই হিন্দুদের দেশদ্রোহী তকমা লাগিয়ে ফের বিতর্ক তৈরি করলেন তিনি।  

    শুক্রবার দিলীপ ঘোষের সমর্থনে খড়্গপুরে র‌্যালি করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার চব্বিশ ঘণ্টা আগেই দিলীপের মন্তব্য ঘিরে চরম বিপাকে বিজেপি। অমিত শাহের পশ্চিম মেদিনীপুর সফরের মধ্যে, দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে তৃণমূলও। খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার দিলীপের সঙ্গে অমিত শাহকেও নিশানা করেন। তিনি বলেন, দিলীপবাবুর এই বক্তব্য থেকে বিজেপির চরিত্র বোঝা যাচ্ছে। যখন এসআইআর শুরু হয়, ওদের নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই বলেছিলেন, কোনো হিন্দুর নাম বাদ যাবেনা। বাইরের মুসলমান আর রোহিঙ্গাদের নাম বাদ যাবে। আর এখন দেখা যাচ্ছে, বাদ যাওয়া ভোটারদের মধ্যে বেশিরভাগই হিন্দু। দিলীপ ঘোষ তাহলে এই ৫৭ লক্ষ হিন্দুদের দেশদ্রোহী, দেশবিরোধী, রোহিঙ্গা বললেন! কোথায় গেল শরণার্থী, সিএএ আশ্বাস? এর জবাব এবারের ভোটে হিন্দুরা দেবে। তিনি আরও বলেন, এই মন্তব্যের মধ্য দিয়ে দিলীপ ঘোষ সুপ্রিম কোর্টকেও অবমাননা করেছেন। উনি আগে থেকেই বলে দিচ্ছেন ৯০ লক্ষ বাদ গিয়েছে। আরও ১২-১৫ লক্ষ বাদ যাবে। তাহলে ট্রাইবুনালে গিয়ে লাভ কী! বিজেপি নেতারা কি তাহলে সুপ্রিম কোর্টেরও উপরে? আমরা এর বিরুদ্ধে যতদূর যেতে হয় যাব। অন্যদিকে, বাদ পড়া হিন্দু ভোটারদের তরফে মিনতি বাউরি, আরতি মাইতি, নীলমণি মহিষ, সন্ধ্যা অধিকারী প্রমুখ বলেন, বংশ পরম্পরায় আমরা এদেশের নাগরিক। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। আমাদেরই এখন দিলীপ ঘোষ দেশদ্রোহী বলছেন। এর থেকে কষ্টের আর কী আছে!
  • Link to this news (বর্তমান)