• হার্ট অ্যাটাকের থেকে বেশি মৃত্যু জলে ডুবে! দেশে বছরে মৃত্যু ৩৮ হাজার
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
  • বিশ্বজিৎ দাস, কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বা জুবিন গর্গের মতো জনপ্রিয় মানুষের মৃত্যুর পর সমুদ্র বা নদীর সামনে দাঁড়ালে ছ্যাঁত করে ওঠে বুক। প্রিয় অভিনেতা বা শিল্পীর মৃত্যুর পর হঠাৎ করে সজাগ-সচেতন হয়ে ওঠে মানুষ। সমুদ্রের ধারে সপরিবারে দাঁড়িয়ে থাকা মানুষ নাবালক ছেলে বা মেয়ের হাত দু’টি আরও শক্ত করে চেপে ধরে। নিরাপদ দূরত্বে জল নিয়ে খেলা করতে থাকা সন্তানকে ছোটো ঢেউ এলেও চেপে ধরে রাখে মা। আসলে বাস্তব হল, একটি-দু’টি বা একশো-দেড়শো নয়, প্রতি বছর ৩৫ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে শুধু জলে ডুবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) এই পরিসংখ্যান শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট! ২০২২ সালের রিপোর্টে এনসিআরবি জানিয়েছিল, সে বছর জলে ডুবে মারা গিয়েছিলেন ৩৮ হাজার ৫০৩ জন। ২৩ সালের সর্বশেষ রিপোর্টে এই পরিসংখ্যান সামান্য কম হলেও মোটেই স্বস্তিদায়ক নয়। সংখ্যাটা ৩৭ হাজার ৭৭৮। উল্লেখযোগ্য বিষয় হল, তার মধ্যে জলে পড়ে গিয়ে ডুবে মারা গিয়েছেন ২৭ হাজার ৫০৮ জন। অন্যান্য ভাবে ডুবে মৃত্যু হয়েছে ১০ হাজার ১১৩ জনের। নৌকাডুবির ফলে মৃত্যু হয়েছে ১১৭ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৩ লক্ষ মানুষ ডুবে মারা যান। অন্যদিকে, সিনির পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে রোজ গড়ে প্রায় ১২ জন শিশুর জলে ডুবে মৃত্যু হয়। বেশিরভাগ ঘটনাই ঘটে বাড়ির কাছের পুকুর বা জলাশয়ে। 

    এনসিআরবির শেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে দুর্ঘটনায় মারা গিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ১০৪ জন। এই ধরনের মৃত্যুকে দু’টি তালিকায় ভাগ করা যায়। প্রাকৃতিক কারণে মৃত্যু এবং অন্যান্য কারণে মৃত্যু। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, প্রাকৃতিক নানা কারণে মারা গিয়েছেন ৬ হাজার ৪৪৪ জন। সেখানে অন্যান্য কারণে মারা গিয়েছেন ৪ লক্ষ ৩৭ হাজার। অন্যান্য কারণের মধ্যে শীর্ষে রয়েছে পথ দুর্ঘটনা। ১ লক্ষ ৯৭ হাজার ৮৭১ জন মারা গিয়েছেন পথ দুর্ঘটনাতেই। দ্বিতীয় ঘাতক হল হার্ট অ্যাটাক সহ নানা আকস্মিক মৃত্যু (মোট ৬৩ হাজার ৬০৯ জন)। এক্ষেত্রে হার্ট অ্যাটাকেই ’২৩ সালে মারা যান ৩৫ হাজার ৭১৫ জন। তৃতীয় স্থানে রয়েছে জলে ডুবে মৃত্যু। কিন্তু সংখ্যার হিসাবে তা পার করে যাচ্ছে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর সংখ্যাকে।
  • Link to this news (বর্তমান)