বেলডাঙা কাণ্ড: ভার্চুয়াল শুনানিতে আপত্তি, ধৃতদের সশরীরে হাজিরার নির্দেশ আদালতের
বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় ভার্চুয়ালের বদলে জেল থেকে সশরীরে কোর্টে হাজির করার আরজি জানালেন অভিযুক্তদের কৌঁসুলিরা। শুক্রবার কলকাতার এনআইএ আদালতের বিচারক সুকুমার রায় ওই আবেদন মঞ্জুর করেন। ৩১ জন অভিযুক্তকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিন আদালতে মামলাটি উঠলে ধৃতদের তরফে কৌঁসুলি ফজলে আহমেদ খান বলেন,‘প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কলকাতার বিচারভবনের দূরত্ব খুবই কম। তাহলে কেন অভিযুক্তদের কোর্টে পেশ করা হবে না? আমাদের মক্কেলদেরও নানা বক্তব্য পেশ করার থাকতে পারে। সেক্ষেত্রে ভার্চুয়ালে নানারকম বিঘ্ন ঘটে। তাতে মামলা চালাতে সমস্যা হয়।’ বক্তব্য শোনার পর বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। এই বিষয়ে বিচারক জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি ধৃতদের ফের জেল হেপাজতে রাখারও নির্দেশ দেওয়া হয়।
এদিন অভিযুক্তদের তরফে আদালতে জামিনের কোনো আবেদন জানানো হয়নি। এনআইএর বিশেষ কৌঁসুলি শ্যামল ঘোষ বলেন,‘ইতিমধ্যেই আমরা এই মামলার কেস‑ডায়েরি হাতে পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনে তদন্তকারীরা জেলে গিয়েই ধৃতদের জেরা করবেন।’ গত ১৬ জানুয়ারি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বেলডাঙা। তদন্তভার এনআইএ নেওয়ার পর তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করে। কড়া ধারা নিয়ে আপত্তি তুলেছেন ধৃতদের কৌঁসুলিরা।