প্রধানমন্ত্রী হাফ ডজন মিথ্যা বলেছেন, মন্তব্য সেলিমের
বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘হাফ ডজন মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী। কোন সাহসে বিজেপির প্রচারক মোদি আইনশৃঙ্খলার কথা বলেন? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে প্রতিদিন দেখছি। এনসিআরবির রিপোর্টে খুন-নারী নির্যাতনে বিজেপি শাসিত রাজ্য শীর্ষে।’
উত্তরাখণ্ডে অঙ্কিতা ভাণ্ডারি হত্যার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সেলিম বলেন, ‘উত্তরপ্রদেশে বুলডোজার আইন চলে। বুলডোজারের সামনে দাঁড়িয়ে বৃন্দা কারাত আটকেছেন। আদালতে গিয়েছিলেন।’ উলটো দিকে কেরল মডেল তুলে ধরেন সিপিএমের রাজ্য সম্পাদক। বিলকিস বানু, হাতরাস, উন্নাও, আশারাম বাপুর কথা তুলে ধরে সেলিম বিজেপিকে তুলোধোনা করেন। পাশাপাশি এপস্টিন ফাইলের প্রসঙ্গও টানেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বারবার সিপিএম আমলের কথা বলেছেন। এই বিষয়ে সেলিম বলেন, ‘ভয়ে পেয়েছে। জমানা বদলানোর জন্য দেশি-বিদেশি প্রতিক্রয়াশীল শক্তি আরএসএস, জামাত, মাওবাদী, এসইউসি সব এককাট্টা হয়েছিল। এখন বিভিন্ন বিধানসভা আসনে কলতান, শতরূপদের পোস্টার দিয়ে আক্রমণ করছে বিজেপি। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা!’ এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে সেলিম বলেন, ‘লাখ লাখ লোককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্টে বলা হয়েছে, ভোট না দিলেও তাঁর ভবিষ্যতে ভোটাধিকার থাকবে। এটা গণতন্ত্রকে শেষ করার জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার যা করছে, এটা তারই অংশ।’
অন্যদিকে, এদিন বামফ্রন্টের সহযোগী দল সিপিআই (এমএল) লিবারেশন তাদের ইস্তাহার প্রকাশ করে। এদিন এসইউসির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বাতিলের বিরুদ্ধে সরব হন। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রের শাসক দল দান-খয়রাতির প্রতিশ্রুতি ও পালটা প্রতিশ্রুতিতে মেতে আছে। গণআন্দোলনের পথ পরিত্যাগ করে সিপিএমও সেই পথে হাঁটছে বলে মনে করেন তিনি।