ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বোমা-বন্দুক উদ্ধারে বিরাম নেই ভাঙড়ে। এবার আইএসএফের এক কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বৃহস্পতিবার রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ রঘুনাথপুর খালপাড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এরপরই হাবিবুর রহমান মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। নিজের সুরক্ষার জন্য সে আগ্নেয়াস্ত্র কিনেছে বলে দাবি করেছে। যদিও কোথা থেকে সেগুলি কেনা হয়েছে কিংবা অন্য কেউ তাকে এগুলি দিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় আইএসএফকে তীব্র আক্রমণ করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তিনি বলেন, উত্তর ২৪ পরগনা থেকে এসব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে। ভোটের আগে এলাকায় অশান্তি সৃষ্টি করাই লক্ষ্য আইএসএফের। এদিকে, ভাঙড়ে বৃহস্পতিবার রাতে দুই আইএসএফ কর্মী ও গোসাবার রাঙাবেলিয়ায় কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
এদিকে, জয়নগর ও বকুলতলা থানা এলাকায় জোড়া সাফল্য পেল পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্র ও তাজা বোমা। বারুইপুর পুলিশ জেলা জানিয়েছে, জয়নগর থানার কাশীপুর কামারিয়া এলাকায় রানা গাজি নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ পাওয়া গিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বকুলতলা থানার অন্তর্গত রূপনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ পিন্টু হালদার নামের এক দুষ্কৃতীর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির ছাদ থেকে বোমা তৈরির বিভিন্ন সামগ্রী সহ পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। নিজস্ব চিত্র