নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফার ভোটের প্রার্থী সংখ্যা ঠিক হয়ে গেল। মনোনয়ন পত্রের স্ক্রুটিনি শেষে জানা গিয়েছে প্রথম দফায় ১৫২টি আসনে লড়ছেন মোট ১৪৭৮ জন প্রার্থী। গতবছরের তুলনায় প্রার্থী সংখ্যা কিছুটা বেড়েছে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। পাশাপাশি জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ হবে। কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহার দক্ষিণ এবং ইটাহার আসনে ভোটে লড়ছেন সবচেয়ে বেশি প্রার্থী। দুটি আসনের প্রতিটিতে প্রার্থী সংখ্যা ১৫। এছাড়াও মাথাভাঙা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, দেবগ্রাম-ফুলবাড়ি, চাকুলিয়া, রায়গঞ্জ, রতুয়া, সুজাপুর, রানিনগর, দুর্গাপুর পশ্চিম এবং রামপুরহাটে প্রার্থী সংখ্যা ১৪। এছাড়াও রাজগঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জসহ মোট ১২টি আসনে প্রার্থী সংখ্যা ১৩।
১২ জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার উত্তর, ইসলামপুর, হরিশ্চন্দ্রপুর, মালদহ, ইংলিশবাজার, ফরাক্কা, হাসনের মত আসনে। এছাড়া শিলিগুড়ি, তমলুক, নন্দীগ্রামসহ মোট ১৩টি আসনে ১১ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে কম মোট পাঁচজন প্রার্থী রয়েছে চন্দ্রকোনায়।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় মনোনয়ন জমা পড়েছে ১৫২৫টি। তার মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪৭৮। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে করণদিঘি বিধানসভা কেন্দ্রে—১৭টি। তার মধ্যে দুটি বাতিল হয়েছে। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে এগরা, চন্দ্রকোনা, শালবনী ও শালতোড়ায়। এই কেন্দ্রগুলিতে ৬টি করে মনোনয়ন জমা পড়েছে। সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে নাগরাকাটা, কার্শিয়ং, করণদিঘি, গঙ্গারামপুর, গাজোল, মোথাবাড়ি, সাগরদিঘি এবং বান্দোয়ানে। প্রতি কেন্দ্রে দুটি করে মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে, দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার পর্বও শেষ হয়ে গিয়েছে। এই দফায় ভোট হবে ২৯। আপাতত মনোনয়ন পত্র স্ক্রুটিনির কাজ চলছে। তারপরই ঠিক হয়ে যাবে প্রার্থী সংখ্যা।