নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচার মিছিল থেকে তৃণমূল কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ। উলটে বিজেপি অভিযোগ করেছে, তাদের প্রচারে বাধা দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হালিশহরে তৃণমূলের টাউন সভাপতি প্রবীর সরকার থানায় অভিযোগ জানিয়ে বলেন, বিজেপির মিছিল থেকে প্ররোচনা ছড়ানো হচ্ছে। নানা রকম উত্তেজনাকর মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। মহিলারাই বেরিয়ে এসে প্রতিবাদ করছেন। শুক্রবার ৭ নম্বর ওয়ার্ডে প্রচার করার সময় কয়েকজন মহিলা বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দেন। বিক্ষোভও দেখান তাঁরা। সেই সময় পাশের ক্লাবে বসেছিলেন একজন। বিজেপির লোকজন তাঁকে মারধর করেছে। বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের অভিযোগ, তৃণমূল প্রতিনিয়ত তাঁর প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে। মহিলাদের এগিয়ে দিচ্ছে। নানাভাবে প্ররোচনা দিচ্ছে। বিজেপির প্রার্থীকে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। তিনি বলেন, এসব বলে প্রচারের আলোয় থাকার চেষ্টা। আমরা পাঁচ বছর সুখ-দুঃখে মানুষের পাশে থেকেছি। মানুষ কাজের নিরিখেই তৃণমূলকে ভোট দেবেন। ওদের মতো আমাদের বোমা, ডান্ডা নিয়ে ঘুরতে হয় না।