• ইউটিউব ক্লাসে জোর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের প্রশিক্ষণে শিক্ষকরা বাইরে। বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। অনেক স্কুল ভোটকেন্দ্র হওয়ায় দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ থাকবে। এই অবস্থায় শিক্ষাদপ্তর ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরো বেশি করে ইউটিউব ক্লাসের উপরে জোর দিচ্ছে। সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ৪৫০টিরও বেশি ক্লাস ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তা দেখা যাচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল এবং তার ইউটিউব লিঙ্ক থেকে। এছাড়া আরো ২৫টি অনলাইন ক্লাসের ভিডিয়ো শ্যুট হয়ে আপলোড হওয়ার জন্য তৈরি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত সব শ্রেণিরই অনলাইন ক্লাসের ভিডিয়ো সেখানে রয়েছে। 

    সংসদের উদ্যোগে নয়শোরও বেশি ভিডিয়ো আপলোড করা হয়েছে। শুক্রবার সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে সভাপতি পার্থ কর্মকার পড়ুয়াদের ভোটের কারণে স্কুল বন্ধ থাকার সময় আরো বেশি করে এই ভিডিয়ো ক্লাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। এও জানিয়েছেন, কোনো ক্লাস নিয়ে প্রশ্ন থাকলে বিশেষ একটি ইমেলে তা জানানো হবে। তার উত্তরও দেওয়া হবে পড়ুয়াদের।  তবে মজার বিষয় হল, সেই ভিডিয়োর নীচে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের ফল দ্রুত প্রকাশের আবেদন জানিয়ে কমেন্ট করছে। তাদের দাবি, পরীক্ষা যেহেতু আগে হয়েছে, তাই ফল প্রকাশও আগে করা হোক। এক পরীক্ষার্থীর দাবি, ফল ভোটের আগেই প্রকাশ করে দেওয়া হোক। মার্কশিট ভোটের পরে দিলেও হবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল প্রজেক্টের নম্বর দেওয়ার সময়সীমা ফের বাড়িয়েছে সংসদ। ২০ এপ্রিল পর্যন্ত স্কুলগুলি তা জমা দিতে পারবে। এর আগে ১ এপ্রিল পর্যন্ত সরাসরি এবং ৬ এপ্রিল পর্যন্ত ফাইন সহকারে তা জমা দেওয়ার সুযোগ ছিল। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে তা সংসদ জানিয়েছে। এদিনের বিজ্ঞপ্তিতে অবশ্য ফাইনের উল্লেখ নেই।
  • Link to this news (বর্তমান)