• রায়দিঘি-জয়নগর রেলপথ এখনও বাস্তবায়িত হল না কেন? উঠছে প্রশ্ন
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির পরিবহণ ব্যবস্থা খারাপ। অটো ও বেসরকারি বাস ভরসা যাতায়াতে। এছাড়া ভিড় ট্রেনে গাদাগাদি করে কলকাতা যেতে হয়। সেই ট্রেন ধরার জন্য আসতে হয় মথুরাপুর। তা সত্ত্বেও এতদিনে রায়দিঘি-জয়নগর রেলপথ কেন হল না, প্রশ্ন তুলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে প্রচারে বিঁধছে তৃণমূল ও সিপিএম।

    রায়দিঘি বিধানসভার ১৭টি পঞ্চায়েত মথুরাপুর ১ নম্বর ব্লক ও মথুরাপুর ২ নম্বর ব্লক মিলিয়ে। নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্টেশন মথুরাপুর। এই স্টেশনে এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেন ধরে ভিড়ের মধ্যে মানুষকে নিত্য যাতায়াত করতে হয়। ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রায়দিঘি-জয়নগর রেলপথের শিলান্যাস করেছিলেন। তারপরে এই রেলপথ চালুর জন্য একাধিকবার সংসদে সওয়াল করেছিলেন তৃণমূলের মথুরাপুর লোকসভার প্রাক্তন সাংসদ চৌধুরীমোহন জাটুয়া ও বর্তমান সাংসদ বাপি হালদার। এমনকি, সাংসদ বাপি হালদার নিজে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব বিবেচনার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কাজ হয়নি। এই বঞ্চনা নিয়ে ভোটে প্রচারে নেমেছেন রায়দিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল বলেন, এই রেলপথ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হত। মানুষকে দুর্ভোগে পড়তে হয় না। কেন্দ্রের সরকার উদাসীন এই ব্যাপারে। আমরা মানুষের কাছে এটা তুলে ধরছি। তৃণমূলের পাশাপাশি সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার রেলপথ নিয়ে কোনো ভাবনা-চিন্তা না করায় মানুষকে পরিবহণ ব্যবস্থা নিয়ে প্রতিদিন চরম নাকাল হতে হচ্ছে। বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে বঞ্চনার জবাব দেবে মানুষ, এটা প্রচারে বলা হচ্ছে। উলটো দিকে বিজেপির প্রার্থী পলাশ রানা বলেন, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রে এই নিয়ে আবেদন করে দাবি ছিনিয়ে আনব। তাঁর অভিযোগ, রেলপথ তৈরির জমি দিতে পারেনি তৃণমূল।
  • Link to this news (বর্তমান)