• ‘এখানে রাজনৈতিক বিতর্ক নয়’, চায়ের দোকানে শান্তির অভিনব বার্তা
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • এই সময়, গুসকরা: চায়ের দোকানে পোস্টার 'রাজনৈতিক আলোচনা নয়', শান্তির বার্তা ভোটের মরশুমে। ভোটের আবহে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, সেই সময়ে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ল পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। 'এখানে রাজনৈতিক আলোচনা নয়', একটি সাধারণ চায়ের দোকানে দেখা মিলল এই অন্য রকম এক বার্তার।

    রাস্তা থেকে শুরু করে অফিস, ট্রেন, বাস কিংবা চায়ের আড্ডা-সব জায়গাতেই এখন ভোট নিয়ে আলোচনা তুঙ্গে। সেই আলোচনা কখনও কখনও তুমুল চিৎকার-চেঁচামেচির রূপ নিচ্ছে, হাতাহাতির পর্যায়েও চলে যাচ্ছে। বিশেষ করে চায়ের দোকান মানেই যেন রাজনৈতিক তর্ক-বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে গুসকরার এক দোকানদার তুলে ধরলেন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি।

    দোকানের মালিক পাঞ্জাব শেখ জানালেন, তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য একটাই- শান্তিপূর্ণ নির্বাচন। তাঁর কথায়, 'অনেক সময়ে রাজনৈতিক আলোচনা থেকে তর্ক, আর সেই তর্ক থেকেই ঝামেলা বা হিংসার সৃষ্টি হয়। আমার দোকানে সব দলের মানুষ আসেন, একসঙ্গে বসেন। তাই চাই, এই সময়টায় অন্তত রাজনৈতিক আলোচনা বন্ধ থাকুক, বন্ধুত্ব আর সৌহার্দ্য বজায় থাকুক।'

    এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকার ব্যবসায়ী শেখ শওকত আলি বললেন, 'দোকানে পোস্টারটা দেখে সত্যিই ভালো লেগেছে। তর্ক-বিতর্কের বদলে শান্তি বজায় থাকাই জরুরি। আমরাও চাই ভোট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়।' ভোটের উত্তাপে যখন অনেক ক্ষেত্রে সামাজিক সম্পর্কেও টানাপড়েন দেখা দিচ্ছে, তখন গুসকরার এই ছোট্ট উদ্যোগ যেন বড় বার্তা দিচ্ছে- গণতন্ত্রের উৎসব হোক শান্তির, বিভেদের নয়।

  • Link to this news (এই সময়)