• বিনয় কোঙারকে টেনে অভিষেক নিশানায় বামেরা, কটাক্ষ সিপিএমের
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • এই সময়, বর্ধমান: শুরু হলো মেমারির ইছাপুর খেলার মাঠ থেকে। শেষ হলো মেমারির নতুন বাসস্ট্যান্ডে। শনিবার বিকেলে প্রায় এক কিলোমিটার এই রাস্তায় রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল উৎসাহ উদ্দিপনা ছিল এই রোড শো ঘিরে। শেষ হওয়ার পরে মেমারির নতুন বাসস্ট্যান্ডেই সভা করেন অভিষেক। সেখানে তাঁর ভাষণে উঠে এল ডায়মন্ড হারবার মডেলের কথা।

    মেমারির তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে তিনি বলেন, 'আপনারা ২৯ তারিখে ওঁকে ৫০ হাজার ভোটে জেতান। আমি যেমন আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে কাজ করেছি, কথা দিলাম, এখানেও তার মতোই কাজ হবে।' একসময়ে বামদুর্গ বলে পরিচিত ছিল মেমারি। বিজেপির পাশাপাশি ভাষণে তিনি প্রয়াত সিপিএম নেতা বিনয় কোঙারের নাম টেনে এনে সিপিএমেরও কড়া সমালোচনা করেন।

    অভিষেক বলেন, 'এই মেমারি তো সিপিএমের আঁতুড়ঘর ছিলো। বিনয় কোঙারের বাড়ি। তখন যাঁরা কংগ্রেস আর তৃণমূল করতেন, তাঁরা রাস্তায় বেরোতে পারেন না। একটা ফ্ল্যাগ লাগাতে পারতেন না।' তিনি আরও বলেন, 'বিনয় কোঙারদের আমলে পুকুরে বিষ দিত, মারধর করত। বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিত। সেই জল্লাদগুলো সব জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়েছে। আর আজ? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা না? আমার এখনও মনে আছে, নন্দীগ্রামের সময়ে বিনয়বাবু বলেছিলেন, লাইফ হেল করে দেবেন। লাইফ হেল করা কী, বাংলার মানুষ ২০১১ সালে বুঝিয়ে দিয়েছেন।' মেমারি বিধানসভা এলাকার আলুচাষিদের কথা মাথায় রেখে তিনি বলেন, 'আলুচাষিদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী বলেছিলেন, আলু রপ্তানি করার জন্য মালগাড়ি চালিয়েছেন। বাংলায় হেরে যাওয়ার পরে সে গাড়ি বন্ধ করে দিয়েছে।'

    এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে দমকল কেন্দ্র, হাসপাতাল, কৃষক মান্ডি হয়েছে। আপনাদের দীর্ঘদিনের দাবি রেলের ওভারব্রিজ। সে বিষয়ে আমাদের সাংসদ শর্মিলা সরকার সংসদে বলেছেন। ওটাও আমরা আন্দোলন করেই আদায় করব।' আরও বলেন, 'মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছবে। যাঁদের বাড়ি প্রয়োজন, তাঁদের সবার বাড়ি হবে।'

    এরই পাশাপাশি মেমারির বিজেপি প্রার্থীকে বিঁধে অভিষেক এ দিন বলেন, '২০২২ সালে সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য ১৫ দিন জেল খেটেছেন। বাড়ি এখানে আর ২৫ বছর কলকাতায় থাকেন।' তিনি আরও বলেন, 'কোনও ভদ্রলোক বিজেপি করেন না। প্রকৃত বাঙালি বিজেপিকে ভোট দিতে পারেন না। 'সার'-এর দয়ায় যারা চমকাছে, ধমকাচ্ছে, ২৯ তারিখ মানুষ তাদের দেখাবেন। জ্ঞানেশ কুমার 'সার'-এ আমাদের টাইট করতে গিয়ে নিজেই টাইট হয়ে গিয়েছেন। বুঝেছেন, বাংলা কী জিনিস।'

    এর আগে এ দিন রোড শো-তে একটি হুড খোলা জিপে ছিলেন তিনি। তাঁকে ঘিরে ছিল উপচে পড়া ভিড়। পুরো রাস্তার দু'পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রত্যুত্তরে তিনিও কখনও হাত নেড়ে, কখনও হাত জোড় করে নমস্কারে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। রাস্তার দু'পাশে পর পর বাড়ির ছাদেও ছিল উৎসুক জনতার ভিড়। অভিষেককে মাইক্রোফোন হাতে নিয়ে তাঁদের সাবধান করতেও দেখা যায়, যাতে ছাদ থেকে কেউ পড়ে না-যান। রোড শো-র পরে সভায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'এই মিছিল দেখে মনে হয়েছে জনসমুদ্র। এটা নির্বাচনী প্রচার মিছিলের বদলে বিজয় মিছিল মনে হচ্ছে।'

    প্রয়াত সিপিএম নেতা বিনয় কোঙারের নাম টেনে অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। বিনয় কোঙারের ছোট ছেলে ও দলের পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ কোঙার বলেন, 'তৃণমূল যেমন দল, সেই দলে সমাজবিরোধীই থাকবে। সুতরাং ওই কথায় কোনও গুরুত্ব আমরা দিতে চাইছি না। ভয় পেয়েছে। ভুল বকছে এখন।'

  • Link to this news (এই সময়)