• বকেয়া মহার্ঘ ভাতা, SOP জমা দেওয়ার নির্দেশ নবান্নর
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • এই সময়: রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া মহার্ঘ ভাতার একটি অংশ পেয়েছেন। তবে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী, অধ্যাপক, পুর এবং পঞ্চায়েত দপ্তরের কর্মীরা এখনও তা পাননি। এ নিয়ে একাধিকবার বৈঠক করেছেন অর্থ দপ্তরের আমলারা। যে সরকারি কর্মীরা এখনও বকেয়া ডিএ পাননি, তাঁদের ডিএ প্রদানের প্রক্রিয়া একধাপ এগোল।

    কী পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে, তা ঠিক করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির নির্দেশ দিয়েছিল নবান্ন। শনিবার অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, ১৩ এপ্রিলের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

    সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ১ এপ্রিল যাঁরা বকেয়া পাননি, সেই সরকারি কর্মীদের টাকা দেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় নবান্নে। সেই বৈঠকেই স্কুল এবং উচ্চশিক্ষা দপ্তরের কাছে বকেয়া ডিএ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতির জন্য এসওপি তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই বৈঠকের প্রসঙ্গ টেনেই অর্থ দপ্তর জানতে চাইল, ঠিক কোন পদ্ধতিতে, কী ভাবে যাঁরা বকেয়া ডিএ পাননি, তা মেটানো হবে। এর জন্যই এই এসওপি তৈরির সিদ্ধান্ত।

    ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের প্রতিটি সরকারি এবং সরকার পোষিত স্কুলের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। অর্থ দপ্তর স্কুল ও উচ্চ শিক্ষা দপ্তরকে জানিয়েছে, সোমবারের মধ্যেই সম্ভাব্য খরচের হিসেব জমা দিতে হবে। সূত্রের খবর, বর্তমানে রাজ্যজুড়ে নির্বাচনের কারণে বহু সরকারি আধিকারিক ও কর্মী ভোটের কাজে ব্যস্ত। সে কারণেই এসওপি তৈরি করতে দেরি হচ্ছে।

  • Link to this news (এই সময়)