• অন ডিউটি চালক-খালাসিরা এ বার ভোট দেবেন নিশ্চিন্তে, বাস কর্মীদের জন্য নয়া পদক্ষেপ
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • এই সময়: বেসরকারি বাসের চালক ও খালাসি, যাঁদের ইলেকশন ডিউটি পড়ে তাঁরা কোনও বারই ভোট দিতে পারেন না। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভও ছিল। এ সেই বাধা কাটছে। ডিউটিতে থাকা বাসকর্মীরা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন।

    সূত্রের খবর, দু’দফা মিলিয়ে এ বার প্রায় ৩ হাজার বাস ও মিনিবাস নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের ডিউটিতে থাকছেন ১০ হাজার চালক–খালাসি। নিয়মের বেড়াজালে বুথের দোরগোড়ায় পৌঁছেও এতদিন তাঁদের ভোট দেওয়া হয়ে উঠত না। কিন্তু এ বার পরিবহণকর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।

    এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি বাতলে দিয়েছে কমিশন। বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলিকে নিকটবর্তী পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (পিভিডি) অফিস থেকে ‘ফর্ম ১২’ সংগ্রহ করতে বলা হয়েছে। সেই ফর্ম ফিলআপ করে তার সঙ্গে ভোটার কার্ডের প্রতিলিপি, গাড়ির মালিকের ঘোষণাপত্র এবং গাড়ি রিকুইজ়িশনের কপি নিয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন দপ্তরে জমা দিতে হবে। নথি জমা দেওয়ার শেষ তারিখ ধার্য হয়েছে ১৩ এপ্রিল।

    তবে এত অল্প সময়ের মধ্যে নথি জোগাড় করা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন মালিকদের একাংশ। বাস মালিক সংগঠনগুলির তরফে ইতিমধ্যেই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে।

  • Link to this news (এই সময়)