এই সময়: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ ২৩ এপ্রিল। নির্বাচন কমিশন ঠিক ১১ দিনের মাথায় প্রথম দফায় ভোট হতে যাওয়া বিধানসভা কেন্দ্রগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল। এই কেন্দ্রগুলিতে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬। মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।
কমিশন সামগ্রিক ভাবে এই ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা কত কমলো, ফর্ম ৬-এর মাধ্যমে মোট কত নাম যুক্ত হলো, তা প্রকাশ করেনি। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) চূড়ান্ত তালিকায় থাকা কত নাম ফর্ম–৭তে আবেদনের ভিত্তিতে বাতিল করা হয়েছে, তা নিয়েও কেন্দ্রীয় ভাবে কোনও তথ্য জানায়নি কমিশন। নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরের ওয়েবসাইটে ‘এসআইআর ফাইনাল রোল রিভিশন–২’ ক্লিক করলেই এই ১৫২টি কেন্দ্রের মোট ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য জানা যাবে। এই ১৫২টি বিধানসভা কেন্দ্রের এক একটি বুথে ক্লিক করলে জানা যাবে, সেই বুথের ভোটারদের সব তথ্য।
তবে বুথ ভিত্তিক চূড়ান্ত তালিকায় ‘সার’-এর খসড়া প্রকাশের পরে কত ভোটার যুক্ত হয়েছেন, ‘অ্যাজুডিকেশনে’ থাকা কত নাম বিচারকরা নিষ্পত্তি করার পরে কত বাতিল হয়েছে, তা উল্লেখ করা হয়েছে। তবে একটা বিষয় এখানে তাৎপর্যপূর্ণ। তা হলো— এই কেন্দ্রগুলিতে ফর্ম–৬ পূরণ করে যত নতুন ভোটারের নাম তোলার আবেদন জমা পড়েছিল, তার সিংহভাগের নিষ্পত্তি হয়নি। বিষয়টি স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও। তিনি জানান, নিষ্পত্তি না–হওয়ায় এখনও অনেক নতুন ভোটারের নাম তালিকায় ঠাঁই পায়নি।
কিন্তু প্রশ্ন হলো, ‘অ্যাজুডিকেশনে’ বাদ পড়া যে ভোটারদের চূড়ান্ত নিষ্পত্তি অ্যাপিলেট ট্রাইব্যুনাল করবে, তাঁদের নাম কি প্রথম দফার ভোটার তালিকায় উঠবে? এই ব্যাপারে আগামিকাল, সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে দিশা মিলতে পারে। এ দিকে ট্রাইব্যুনালের অফিস সরেজমিনে খতিয়ে দেখতে আজ, রবিবার জোকার ‘শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে’ যাওয়ার কথা কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতি ও ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের।