চৈত্রের শেষেই ঝরছে ঘাম, বৈশাখের প্রথম সপ্তাহেই দাবদাহ! পশ্চিমে তাপমাত্রা পেরোবে ৪০ ডিগ্রি
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
চৈত্রের শেষলগ্নেই ঘাম ঝরতে শুরু করল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আজ, রবিবার চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। সকাল থেকেই দেখা দিয়েছে রোদের তেজ। আগামী কাল, সোমবার থেকে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে দাবদাহ দেখা যাবে বলেও খবর। বাকুড়া, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। উত্তরবঙ্গের কেলাগুলিতেও একইভাবে তাপমাত্রার পারদ বাড়বে। সেই কথা জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে আগামী কাল সোমবার পর্যন্ত বাংলার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। দিন কয়েকের মধ্যে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৩ শতাংশ থাকবে। আগামী দিনে তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে উঠতে পারে বলে খবর।