• বাংলা বললেন যোগীও! ভাষণে ছুঁলেন বঙ্কিম-বাংলাদেশ প্রসঙ্গ, তুলনা উত্তরপ্রদেশের সঙ্গেও
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • বাঙালির মন ছুঁতে ভোটপ্রচারে বাংলা বললেন যোগী আদিত্যনাথও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুঠতরাজের অভিযোগ তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলায় বললেন, ‘বাংলা আর চুপ থাকবে না। এ বার খেলা শেষ, উন্নয়ন শুরু।’

    বিবার দুপুরে বাঁকুড়ার সোনামুখীতে বিজেপি প্রার্থীদের হয়ে সভা করেছেন যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভাষণ শুনতে সেই সভায় বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ার মতোই ছিল। প্রায় ২৫ মিনিটের ভাষণে যোগী ছুঁয়ে গিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। সাম্প্রতিক কালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ন়িয়েও কথা বলেছেন যোগী। তিনি বলেন, ‘কিছু দিন আগে বাংলাদেশে এক হিন্দু দলিতকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। বিজেপি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা আন্দোলনও করেছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতাদিদি চুপ ছিলেন। তাঁর ভয়, যদি মুসলিম ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যায়।’

    ভাষণে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনাও টানেন যোগী। দাবি করেন, বর্তমানে বাংলার যা পরিস্থিতি, ৮-৯ বছর আগে একই পরিস্থিতি ছিল উত্তরপ্রদেশেও। কিন্তু সেখানে সরকার বদলের পর, ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পর পরিস্থিতি বদলেছে। এখন সেখানে আইনের শাসন তৈরি হয়েছে। অর্থনীতির উন্নতি হয়েছে। যুবকেরা সেখানে কাজ পাচ্ছেন। পাশাপাশি, মাফিয়ারাজও বন্ধ হয়েছে। একই ভাবে বাংলাতেও পরিবর্তনের ডাক দিয়ে যোগী বলেছেন, ‘উত্তরপ্রদেশে এখন আর তুষ্টিকরণ হয় না। এখন সন্তুষ্টিকরণ। সব মাফিয়াকে জাহান্নামের যাত্রায় পাঠানো হয়েছে। এখন ওখানে সবাই সুরক্ষিত।’

  • Link to this news (এই সময়)