• ‘উত্তরবঙ্গে বন্যায় কেন কলকাতায় কার্নিভ্যাল?’ তৃণমূলকে দুষে মোদীর মুখে ‘চিকেন্স নেক’ও
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে উদার হস্তে ভোটদান করেছিলেন উত্তরবঙ্গের মানুষ। ২৪-এর লোকসভা নির্বাচনের তার অন্যথা হয়নি। এ বারের নির্বাচনেও নিজেদের ‘শক্তঘাঁটি’ কি অটুট রাখবে গেরুয়া শিবির? রবিবার শিলিগুড়ির সভা থেকে সেই ভরসার কথা শুনিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গকে বর্তমান রাজ্য সরকার প্রতিবারই বঞ্চিত করেছে বলে এ দিন অভিযোগ করেন তিনি। মনে করালেন, গত বছর উত্তরবঙ্গের একাধিক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দিনে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের আয়োজনের কথাও।

    গত বছর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ধস এবং তোর্ষা নদী-সহ বিভিন্ন নদীর জলোচ্ছ্বাসে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ২৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। সেই সময়েই ৫ অক্টোবর বাংলার দুর্গাপুজোর কার্নিভ্যালের আয়োজন করা হয়েছিল। যা নিয়ে সেই সময়ে সরব হয়েছিল বিরোধীরা। সেই বিতর্ক উস্কে দিয়ে মোদী এ দিন বলেন, ‘যখন এখানে এত বৃষ্টি হলো, চারদিকে হাহাকার, তখন তৃণমূলের সরকার কলকাতায় উৎসব পালন করছিল। তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী, আদিবাসীবিরোধী, চা-বাগানবিরোধী, মহিলা আর যুববিরোধী দল। তাই পশ্চিমবঙ্গে এ বার পরিবর্তন দরকার।’

    উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রেখেছে তৃণমূল। কাজ করেনি। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা ব্যবহার করেনি।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে সমান চোখে দেখা হয় না— এমন অভিযোগ বরাবর করে এসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গের জেলাগুলিকে অবজ্ঞা করার অভিযোগ তুলে মোদীর বার্তা, ‘উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রেখেছে তৃণমূল। কাজ করেনি। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা ব্যবহার করেনি। নির্মম এই সরকার মাদ্রাসার জন্য ৬ হাজার কোটির বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেনি। নিজেদের বিশেষ ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই ওরা ব্যস্ত।’

    শিলিগুড়ি সভা থেকে চা বাগানের সমস্যা থেকে ‘চিকেন্স নেক’ সংক্রান্ত সমস্যার কথাও উঠে আসে মোদীর বক্তৃতায়। তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, ‘দেশে একটা টুকরে টুকরে গ্যাং আছে। সেই গ্যাং শিলিগুড়ি করিডরকে কাটার হুমকি দিয়েছিল। উত্তর-পূর্বকে দেশ থেকে আলাদা করতে চেয়েছিল। তেমন লোকজনকে তৃণমূল রাস্তা থেকে সংসদ পর্যন্ত সমর্থন করে। এটাই ওদের আসল চেহারা। বিজেপির জন্য শিলিগুড়ি করিডর দেশের সুরক্ষা আর সমৃদ্ধির করিডর।’ চা শ্রমিকদের সমস্যার সমাধান, জমির পাট্টা দেওয়ার কাজ অসমে হলেও বাংলার চা বলয়ে রাজ্য সরকারের কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী।

  • Link to this news (এই সময়)