• প্রকাশিত হল সত্যম রায়চৌধুরীর বই শ্রী অরবিন্দ ফর ইউ
    আজকাল | ১২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিক্ষাবিদ, শিল্পপতি, কাঁধে দায়িত্ব বৃহৎ পরিবারের। তার সঙ্গেই চলছে কলম। পাতায় পাতায় দর্শন, জীবনের বোধ। এবার কলম ধরেছিলেন তাঁর 'ফর ইউ' সিরিজের অষ্টম বইয়ের জন্য। বইটির সম্পাদনাও করেছেন তিনি নিজেই। সেই বই সামনে এল আনুষ্ঠানিকভাবে। বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন, অমিয় সামন্ত, ড. শৈলেন্দ্র লাহা, ড. অমর্ত্য দত্ত, ড. দিলীপকুমার রায়, প্রদীপ ভট্টাচার্য, শান্তনু রায়চৌধুরি, দীপ্তাংশু মণ্ডল, গার্গী রায়চৌধুরি, দেবদূত রায়চৌধুরী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা । 

    বিশিষ্ট শিক্ষাবিদ এই বই লিখেছেন, সম্পাদনা করেছেন, ঋষি অরবিন্দর দর্শনকে সহজ ভাষায় নতুন ভাবে ব্যাখ্যা করার লক্ষ্যে। শ্রী অরবিন্দ ভবনে আনুষ্ঠানিকভাবে শনিবার প্রকাশিত হল সত্যম রায়চৌধুরীর বই ‘শ্রী অরবিন্দ ফর ইউ’। বইয়ে শ্রী অরবিন্দকে নিয়ে একাধিক অধ্যাপক, আমলা ও গবেষকের লেখাও আছে। এছাড়া শ্রী অরবিন্দর নিজের কিছু লেখা, তাঁর লেখা চিঠি ও বক্তৃতাও রয়েছে এই বইয়ে। সত্যম রায়চৌধুরী বইয়ের গোড়ার কথা বলতে গিয়ে জানান, ‘২০২৪ সালের ডিসেম্বর মাসে, যখন আমি এই বইটির কাজ শুরু করি, তখন আমার স্ত্রী মৌ মারা গেছেন। তবে এই বই লেখার সময় একা ছিলাম না। আমার হৃদয়ে ছিলেন মৌ। শ্রী অরবিন্দ ও শ্রীমা-র প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল। শ্রী অরবিন্দ ও শ্রীমা-র শিক্ষার মাধ্যমে আমি বুঝেছি, জীবন শুধু সাফল্য বা সংগ্রামের নাম নয় । এটি আত্মার বিকাশের পথ, যন্ত্রণা থেকে উদ্দেশ্য খুঁজে পাওয়ার প্রক্রিয়া এবং অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নেওয়ার সাধনা। এই বই অন্তত একজন পাঠককে হলেও থামতে, ভাবতে এবং নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।'

    বই প্রকাশের পর বক্তৃতায় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। জানান, এই বই তাঁর কাছে নিছক একটি বই নয়, বরং জীবনের এক ‘পবিত্র অধ্যায়’। তাঁর কথায়, ‘এটি এমন এক চেতনার পথ, যা আমি নিজে হেঁটেছি, আর সেই পথে খুঁজে পেয়েছি অন্তরের গভীর সত্য।' বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী অরবিন্দ ভবনের ট্রাস্টি বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘অরবিন্দ ভবনে এই বই প্রকাশিত হওয়া খুব তাৎপর্যপূর্ণ। এখানেই শ্রী অরবিন্দের জন্ম হয়েছিল। আমরা আশা করব, এবার সত্যম রায়চৌধুরী শ্রীমা-কে নিয়ে বই লিখবেন।' 

    এদিন শ্রী অরবিন্দ ভবনে ঋষি অরবিন্দের সমাধিতে সত্যম রায়চৌধুরী শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তারপর বই প্রকাশের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক তন্ময় ভট্টাচার্য। এছাড়া পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম থেকে এসেছিলেন দেবদীপ গাঙ্গুলি ও অনাহিতা ব্যানার্জি, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্তা অমর্ত্য দত্ত, ড. প্রদীপ ভট্টাচার্য, শান্তনু রায়চৌধুরি-সহ অন্যরা। এই বই দীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। অনলাইন ও বিভিন্ন স্টোরে এই বই পাবেন পাঠকরা। এই বইয়ে বিভিন্ন ভাবে যাঁদের অবদান রয়েছে, তাঁদের সংবর্ধনা দেন বইয়ের লেখক ও সম্পাদক সত্যম রায়চৌধুরী।
  • Link to this news (আজকাল)