• মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন, হুইপ জারি বিজেপির
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
  • মহিলা সংরক্ষণ বিল পাস করাতে ১৬, ১৭ ও ১৮ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন। দলীয় সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া বিজেপি। সংসদের দুই কক্ষের সাংসদদের এই নিয়ে হুইপ জারি করে ভারতীয় জনতা পার্টি। হুইপে জারি করে বলা হয়েছে, অধিবেশনের সময় দলীয় সাংসদদের অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে, মহিলা আসন সংরক্ষণ বিলের সংশোধনীতে সমর্থনের আবেদন করে শনিবারই সব রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল পাস হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে,বিল যখন পাস হয়,তখন বলা হয়েছিল প্রথমে জনগণনা হবে। তারপর ওই জনগণনার ভিত্তিতে জনবিন্যাস কত হচ্ছে, তার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস করা হবে। কিন্তু এখন এই বিলে সংশোধনী আনতে চাইছে কেন্দ্র। আসন্ন যে জনগণনার কথা উল্লেখ করা হয়েছিল বিলে, সেটা বাদ দেওয়া হচ্ছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে।

    মহিলা সংরক্ষণ বিল পাস করাতে আগামী সপ্তাহের ১৬, ১৭ ও ১৮ এপ্রিল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। দলীয় সাংসদদের ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া বিজেপি। অনুমান করা হচ্ছে, হুইপে বলা হয়েছে, দলের সাংসদকে অধিবেশনের সময় অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট বিষয়ে দলের নির্দেশ অনুযায়ী ভোট দিতে হবে।

    মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক দলের নেতাদেরও চিঠি দেন প্রধানমন্ত্রী। বিল পাশ করাতে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘১৬ এপ্রিল থেকে সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সম্পর্কে ঐতিহাসিক আলোচনা হতে চলেছে। সংসদের এই বিশেষ অধিবেশনটি আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার সুযোগ। এটি এমন মুহূর্ত, যখন আমরা সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি। এই চেতনা ও উদ্দেশ্যেই নিয়েই এই চিঠি।’

    এদিকে, মহিলা সংরক্ষণ বিলে প্রস্তাবিত সংশোধনীকে সমর্থন করতে পারে কংগ্রেস। সেই গুঞ্জনও রয়েছে হাতশিবিরে। শোনা যাচ্ছে, আগামী ১৫ এপ্রিল ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক ডাকতে পারেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
  • Link to this news (প্রতিদিন)