• আপনি তো পহেলগাঁও হামলায় যুক্ত! ভয় দেখিয়ে বৃদ্ধাকে ‘ডিজিটাল অ্যারেস্ট’, খোয়ালেন ৭২ লক্ষ
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
  • ৮২ বছরের বৃদ্ধাকে ‘ডিজিটাল অ্যারেস্ট’। ৭২ লক্ষ টাকা হাতিয়ে নিল অপরাধীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধা মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা। গত ৬ থেকে ১০ এপ্রিলের মধ্যে তাঁর হোয়াটসঅ্যাপে অপরিচিত এক নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে পুলিশ কর্তা বলে দাবি করেন। তিনি ভয় দেখিয়ে বলেন, “আমাদের কাছে প্রমাণ আছে আপনি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। আপনার নম্বরটি থেকে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” এরপরই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। বৃদ্ধার অভিযোগ, অন্তত দু’দিন তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয়। এখানেই শেষ নয়। এই সময়কালের মধ্যে বৃদ্ধার কাছ থেকে প্রায় ৭৩ লক্ষ টাকা অপরাধীরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। খোঁজ চলছে অভিযুক্তদের।

    উল্লেখ্য, ‘ডিজিটাল অ্যারেস্টে’র নাম করে প্রতারণা, ক্রমশ মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে তদন্তকারীদের। কখনও সিবিআই, আবার কখনও ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন জায়গা থেকে ‘ডিজিটাল অ্যারেস্টে’র শিকার হওয়ার খবর আসতেই থাকছে।    
  • Link to this news (প্রতিদিন)