মাদ্রাসার জন্য টাকা বরাদ্দ হলেও উত্তরবঙ্গ বঞ্চিত! শিলিগুড়ি থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৬
মহাকালকে স্মরণ করে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে প্রবল আক্রমণ করলেন। ১৫ বছরের শাসনকালে রাজ্য সরকার উন্নয়ন করেনি। তোষণের রাজনীতি, সিন্ডিকেট, ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস সরকার! এমনই কটাক্ষ করলেন মোদি। “তৃণমূল সরকারকে পাই পয়সার হিসেব দিতে হবে”, সেই কথাও জোর গলায় তিনি বলেন। মাদ্রাসায় ৬ কোটি টাকা দিলেও উত্তরবঙ্গ তৃণমূল আমলে বঞ্চিত, সেই অভিযোগও করেছেন প্রধানমন্ত্রী।
গতকাল, শনিবার সন্ধ্যায় পাহাড়ে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী। অসংখ্য মানুষ তাঁকে দেখার জন্য রাস্তার ধারে অপেক্ষা করেছিলেন। উত্তরবঙ্গে মানুষের সাড়া পেয়ে অভিভূত নরেন্দ্র মোদি। আজ, রবিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভা করেন। অসংখ্য মানুষ সভায় উপস্থিত ছিলেন। জনতাকে দেখে আরও একবার অভিভূত হন তিনি। রাজ্যে ক্ষমতার বদল হলে উত্তরবঙ্গে প্রভূত উন্নতি হবে। সেই কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর বক্তব্যের আগাগোড়া রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি।
মাদ্রাসার জন্য রাজ্য সরকার ৬ হাজার কোটি টাকা দিলেও উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। টিএমসি আসলে তৃণমূল অ্যান্টি নর্থবেঙ্গল পার্টি। উত্তরবঙ্গকে গত ১৫ বছর ধরে বঞ্চিত করা রাখা হয়েছে। টিএমসি চা শ্রমিক বিরোধী, আদিবাসী বিরোধী বলে এদিন কটাক্ষ করেছেন মোদি। কেন্দ্রের টাকা পেলেও তৃণমূল রাজ্যে কেবল দুর্নীতি, তোষণের রাজনীতি করেছে। শিক্ষাক্ষেত্রেও তৃণমূল বিভাজনের রাজনীতি করে আসছে। সিন্ডিকেট রাজ চলে বাংলায়! এমনই মারাত্মক অভিযোগ আরও একবার করলেন প্রধানমন্ত্রী।
এবারের নির্বাচনে তৃণমূলকে হারানোর ডাক দিলেন তিনি। রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে উত্তরবঙ্গে উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার ডবল উন্নয়ন করবে। সেই কথাও মোদিকে বলতে শোনা যায় এদিন। উত্তরবঙ্গ থেকে আরও বেশি ভোটে বিজেপিকে জেতানোর বার্তা দিলেন তিনি। মোদির কথায়, “অনুপ্রবেশকারীকে খুঁজে বার করা হবে। বিজেপি পশ্চিমবঙ্গকে আবার বৈভবশালী রাজ্য করবে। তাই আমাদের প্রার্থীদের এখানে হাজির করেছি।” বাংলার মানুষদের জন্য তাঁর আবেদন, “বামেদের ৩৫ বছর দিয়েছেন, তৃণমূলকে ১৫। পাঁচ বছর মোদিকে দিয়ে দেখুন।”