মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য। বিতর্কে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী নরেশ রায়। সম্প্রতি নরেশের একটি বক্তব্যের ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ইতিমধ্যেই। BJP প্রার্থীর এই বক্তব্যের সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসও।
শনিবার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করেন নরেশ রায়। তাঁর এই বক্তব্যের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এই ভিডিয়ো ঘিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। রাস্তার মোড়, চায়ের দোকান সব জায়গাতেই এখন একটাই আলোচনা, জাতির জনক মহাত্মা গান্ধীকে এ ভাবে ‘দেশদ্রোহী’ বলা কতটা গ্রহণযোগ্য?
জলপাইগুড়ি জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক নরেশকুমার সিং বলেন, ‘বিজেপি প্রার্থীর মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। যিনি নিজেকে দেশের একজন সৈনিক বলে দাবি করেন, তাঁর মুখে জাতির জনক মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা, তাঁর অবদান গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, ‘আমি নরেশ রায়ের এই ধরনের কোন বক্তব্য শুনিনি, না শুনে কোনও প্রতিক্রিয়া দেবো না।’ যদিও বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের দাবি তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।
বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছে কংগ্রেসও। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের জাতীয় কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় বলেন, ‘এই ধরনের মন্তব্য করার আগে তাঁর উচিত ভারতের ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। মহাত্মা গান্ধীর অবদান সমগ্র দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাঁকে অপমান করা মানে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই অপমান করা।’