• তৈরি হয়নি রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ বাসিন্দাদের
    এই সময় | ১২ এপ্রিল ২০২৬
  • কথা ছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে তৈরি হবে রাস্তা। এই জন্য অর্থ বরাদ্দ করাও হয়। তার পরেও ওই রাস্তা তৈরি হয়নি। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাওড়ার (Howrah) উদয়নারায়নপুরের নারায়ণপুর এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয়।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পথ অবরোধ করেন উদয়নারায়নপুরের (Udaynarayanpur) কানপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দাদের দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে ওই গ্রামে একটি রাস্তা নির্মাণের আবেদন এসেছিল। ওই আবেদন অনুমোদিত হয়। সেই অনুযায়ী প্রায় চার লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, অর্থ বরাদ্দের পরে রাস্তার কাজ শুরু হয়। এর পরে তা হঠাৎই বন্ধ হয়ে যায়। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের পারদ চড়তে থাকে।

    তাঁদের দাবি, এই নিয়ে জিজ্ঞাসা করা হয় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে। কিন্তু তিনি নানা রকম কথা বলে ওই প্রসঙ্গ এড়িয়ে যান। রাস্তা তৈরি যাবে বলেও আশ্বাসও দেন তিনি।

    এ দিকে, এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। তাতেই রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে। সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা।

    গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যর কারণেই রাস্তা হচ্ছে না। এই নিয়েই ক্ষোভের আগুনে ঘি পড়ে। রবিবার সকালে আমতা ঘোড়াদহ রাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ (Road Block) করেন তাঁরা। কাঠের গুড়ি এবং পাথর ফেলে রাখা হয় রাস্তার উপরে।‌

    খবর পেয়ে আসে পেঁড়ো থানার পুলিশ, র‍্যাফ (RAF) এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ এসে অবরোধকারীদের সরাতে লাঠিচার্জ (Lathi Charge) করে বলে অভিযোগ। অবরোধকারীরা সরে গেলে পুলিশের রাস্তা পরিষ্কার করে দেয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

    তবে এই ঘটনায় ওই পঞ্চায়েত সদস্য বা অঞ্চল প্রধানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)