‘আশাজিই আমার একমাত্র...’, প্রিয় শিল্পীর সঙ্গে কাজের স্মৃতি রোমন্থন জোজোর
এই সময় | ১২ এপ্রিল ২০২৬
আশা ভোঁসলে মানেই অদ্ভুত এনার্জি, এক চিরসবুজ কণ্ঠ। সুপারহিট সব গান, এমন দাপুটে গায়কি, সুরের জাদুতে ভর করেই সে সময়ে গানকে পেশা হিসেবে গ্রহণ করার সাহস দেখিয়েছিলেন বহু তরুণ গায়িকা। তাঁদের মধ্যে অন্যতম বাংলার মিস জোজো। তাঁর প্রিয় শিল্পী, পথপ্রদর্শক আশাজির প্রয়াণ সংবাদ পাওয়ার পর থেকেই মন খারাপ গায়িকার। এই সময় অনলাইনের সঙ্গে কথা বলতে গিয়েও বার বার গলা বুজে আসছিল তাঁর। প্রিয় শিল্পীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
জোজো জানান, তাঁর গানের স্টাইল বা মঞ্চে পারফর্ম্যান্সের সব থেকে বড় অনুপ্রেরণা আশা ভোঁসলে। তিনি বলেন, ‘আশাজিই আমার একমাত্র আইডল। ছোটবেলা থেকে ওঁর গান শুনে, ওঁর গায়কি দেখেই বড় হয়েছি। আজ মনে হচ্ছে মাথার ওপর থেকে একটা বড় ছাতা সরে গেল।’ আশা ভোঁসলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জোজো বলেন, ‘বাপি লাহিড়ির সৌজন্যে কেরিয়ারের একেবারে প্রথম দিকে ওঁর সঙ্গে মঞ্চ শেয়ার করার সুযোগ হয়েছিল। কিন্তু এত ছোট ছিলাম যে বিষয়টার গুরুত্ব তখন ঠিক বুঝে উঠতে পারিনি। তবে যাঁরা আশাজিকে সামনে থেকে পেয়েছেন, তাঁদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।’
শুধু মঞ্চ নয়, জোজোর গানের অ্যালবামেও রয়ে গিয়েছেন আশা ভোঁসলে। তিনি বলেন, ‘আমাকে তো মানুষ চিনেছেন আশাজির গানের জন্য। কত গানের কথা বলব? মাছের কাঁটা, একটা দেশলাই কাঠি জ্বালাও, বিবি পায়রা... আমি যখন গানকে পেশা হিসেবে নিতে শুরু করলাম, তখন আমার একমাত্র ভরসা ছিলেন আশাজি। সকলকে শ্রদ্ধা জানিয়েই বলছি, ওঁর মতো ভার্সেটাইল গায়িকা আর নেই। তাই উনি আমার আইডল।’