নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ ভবনে শনিবার সকালে বিরল দৃশ্য। মুখোমুখি নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। কিন্তু লোকসভার মধ্যে একাধিকবার দেখা সেই চেনা সংঘাত নয়। অর্থাৎ ট্রেজারি বেঞ্চের সামনের আসনে বসে থাকা নরেন্দ্র মোদিকে টার্গেট করে বিরোধী দলনেতার আসনে থাকা রাহুল গান্ধীর বাক্যবাণ। আবার সেই উত্থাপিত অভিযোগ ও আক্রমণের জবাব দিতে গিয়ে মোদির পালটা আগ্রাসন।সেংসদের সেই দৃশ্য সনিবার দেখা গেল না। রাজনৈতিকভাবে যুযুধান সরকারপক্ষ বনাম বিরোধীপক্ষের দুই প্রতিনিধি নয়। শনিবার সকালে সংসদ ভবনে এই দুজনকে দেখা গেল মুখোমুখি দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে। উপলক্ষ মহাত্মা জ্যোতিবা রাও ফুলের জন্মজয়ন্তী। সংসদ ভবনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, স্পিকার, সরকারের মন্ত্রীরা। সরকার ও বিরোধী উভয় পক্ষই হাজির। রাহুল গান্ধী দাঁড়িয়ে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের পাশে। সেই সময় নিজস্ব কনভয় নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের প্রেরণাস্থলে নামেন মোদি। এগিয়ে এসে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে পড়েন। দেখা যায় দুজনের মধ্যে কথোপকথন। দুজনের মুখেই ছিল হাসি এবং সৌজন্যপূর্ণ আলাপচারিতা। জানা গিয়েছে, মোদি রাহুল গান্ধীকে প্রশ্ন করেন, সোনিয়াজি কেমন আছেন? রাহুল বলেন, এখন আগের তুলনায় অনেকটাই ভালো। কী হয়েছিল হঠাৎ? মোদির প্রশ্ন। রাহুল বলেন, শ্বাসকষ্টের একটা সমস্যা আছেই। সেটা মাঝেমধ্যে হয়। সেরকমই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভরতি করতে হয়। মোদি বলেন, সাবধানে থাকতে হবে। আশা করি সম্পূর্ণ সুস্থ হয়্যে উঠবেন। রাহুল ধন্যবাদ জানান মোদিকে। এমন সময়ে এই সৌহার্দ পূর্ণ দৃশ্য দেখা গেল যখন নির্বাচনী প্রচার তুঙ্গে। এবং নিয়ম করে দুজনেই দুজনের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র নিক্ষেপ করছেন।