• সোশ্যাল মিডিয়ায় সরকারের নিন্দা করলেই শাস্তি, বিহারে নতুন নিয়ম
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • পাটনা: কর্মী ও আধিকারিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের রাশ টানতে তৎপর বিহার সরকার। এব্যাপারে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে তারা। তাতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত, প্রকল্প ও বিচারবিভাগের নির্দেশ নিয়ে ফেসবুক, ইনস্টার মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত মতামত প্রকাশ করা যাবে না। সোজা কথায়, সরকারের কাজ নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। এব্যাপারে মন্তব্যের জন্য আগাম অনুমতি নিতে হবে। এখানেই শেষ নয়। নয়া বিধিতে বিহার সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার জন্য কোনো কর্মী বা আধিকারিক অফিসের ইমেল আইডি বা ফোন নম্বর ব্যবহার করতে পারবেন না। সেইসঙ্গে, অন্য নামে প্রোফাইল খোলা, বেনামে পোস্টেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। অফিসের ছবি, তথ্য, নথি প্রকাশ কিংবা কর্মস্থলে ভিডিয়ো, লাইভ করাও চলবে না। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলের সংসর্গ, সংবাদ মাধ্যম ও কোনো ব্যক্তিবিশেষের সঙ্গে যোগাযোগ রাখতেও কর্মী-আধিকারিকদের বারণ করেছে বিহার সরকার। সামাজিক মাধ্যম সংক্রান্ত নয়া বিধি অমান্য করলে কড়া শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

    জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে বিহার গর্ভমেন্ট সারভেন্টস কনডাক্ট (সংশোধনী) আইনে অনুমোদন দিয়েছিল নীতীশ প্রশাসন। শুক্রবার সন্ধ্যা থেকে নয়া বিধি বিহারজুড়ে জারি হয়েছে। প্রশাসনের দাবি, ডিজিটাল যুগে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক অখণ্ডতা রক্ষা করতেই এই পদক্ষেপ।    
  • Link to this news (বর্তমান)