• ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • মুম্বই, ১২ এপ্রিল: ভারতীয় সঙ্গীত মহলে নক্ষত্র পতন।  প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার রাতেই বুকের সংক্রমন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা ভারতবর্ষ জুড়ে। 

    ১৯৩৩ সালে মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্মগ্রহণ করেন আশা। ছোট থেকেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবার কাছেই তাঁর গানে হাতে খড়ি। কয়েক দশক জুড়ে তাঁর গাওয়া জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করে এসেছে। হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় তিনি গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক সঙ্গীত সবধরনের গানেই তাঁর জনপ্রিয়তা ছিল সমুদ্র সমান। ক্যাবারে ও ওয়েস্টার্ন ধারার গানেও তাঁর বিশাল জনপ্রিয়তা। ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ইয়ে মেরা দিল’ এর মতো কালজয়ী গান এখনও মানুষের কাছে জনপ্রয় হয়ে আছে। তাছাড়াও তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি। বাংলা গানেও তাঁর সমান জনপ্রিয়তা। ‘মনে পড়ে রুবি রায়’, ‘এমন মধুর সন্ধ্যায়’ এর মতো একাধিক বাংলা গান গেয়েছেন তিনি।  আর.ডি বর্মণের সঙ্গে তাঁর কাজ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত জগতে এক নতুন দিশা দেখিয়েছিল যা আজও সমান জনপ্রিয় হয়ে আছে। 

    ২০০২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। তারপরেই ২০০৮ সালে পদ্মবিভূষণে সম্মানিত হন তিনি। তাছাড়াও তাঁর ঝুড়িতে আছে একাধিক পুরস্কার। 

    শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'আশা ভোঁসলে জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভারতের অন্যতম কিংবদন্তি ও বহুমুখী কণ্ঠশিল্পী। তাঁর অসাধারণ সঙ্গীতজীবন, যা কয়েক দশক জুড়ে বিস্তৃত, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তাঁর সুরেলা গান হোক বা প্রাণবন্ত সঙ্গীত তাঁর কণ্ঠে ছিল এক অনন্ত মাধুর্য। তাঁর সঙ্গে আমার যে সাক্ষাৎ ও স্মৃতিগুলো আছে, সেগুলো আমি সবসময় সযত্নে লালন করব। তাঁর পরিবার, ভক্ত ও সকল সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন, আর তাঁর গান চিরকাল মানুষের জীবনে প্রতিধ্বনিত হবে'।

    তাঁর মৃত্যুর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এক্সে তিনি লেখেন, 'মহান সঙ্গীত প্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী ও মুগ্ধকর গায়িকা, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। তিনি অনেক বাংলা গানও গেয়েছেন এবং বাংলাতেও অত্যন্ত জনপ্রিয়। ২০১৮ সালে আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'বঙ্গবিভূষণ' প্রদান করতে পেরেছিলাম। তাঁর পরিবার, সঙ্গীত জগৎ এবং বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা'। 
  • Link to this news (বর্তমান)